Cvoice24.com

‘উচ্চশিক্ষা দিয়ে শুধু বেকারত্ব বাড়ানো যাবে না, কারিগরিতে জোর দিচ্ছে সরকার’

সিভয়েস২৪ ডেস্ক
১৫:৪১, ১৯ জুন ২০২৬
‘উচ্চশিক্ষা দিয়ে শুধু বেকারত্ব বাড়ানো যাবে না, কারিগরিতে জোর দিচ্ছে সরকার’

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, সবাইকে শুধু উচ্চশিক্ষা দিয়ে দেশে কর্মসংস্থানের সংকট দূর করা সম্ভব নয়। এ কারণে সরকার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে এবং আগামীতে ষষ্ঠ শ্রেণি থেকেই পাঠ্যক্রমে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে।

শুক্রবার (১৯ জুন) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে রোটারি বাংলাদেশ আয়োজিত ‘লিডার্স ট্রেনিং সেমিনার’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তুলতে হবে যাতে তারা বিশ্বমঞ্চে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা অর্জন করতে পারে। সেই লক্ষ্য সামনে রেখেই সরকার শিক্ষাব্যবস্থার সংস্কার ও আধুনিকায়নে কাজ করছে। 

তিনি বলেন, বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী পাঠ্যবইয়ে ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে তরুণরা শুধু ডিগ্রিনির্ভর না হয়ে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে উঠতে পারে।

অনুষ্ঠানে তিনি আরও জানান, প্রযুক্তির অপব্যবহার রোধ এবং পাবলিক পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে ‘পাবলিক পরীক্ষা আইন’-এ ডিজিটাল মাধ্যমে নকল ও পরীক্ষা-সংক্রান্ত জালিয়াতির বিরুদ্ধে শাস্তির বিধান যুক্ত করে মন্ত্রিসভায় আইনটি অনুমোদন দেওয়া হয়েছে।

নতুন আইনের আওতায় পরীক্ষার ফলাফল বা মেধাতালিকা হ্যাকিং, অবৈধভাবে পরিবর্তন কিংবা ডিজিটাল মাধ্যমে নকলের মতো অপরাধে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী।

শিক্ষা সব খবর