কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট শনিবার খুলে দেওয়া হতে পারে
কাপ্তাই প্রতিনিধি
রাঙামাটির কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট আগামী শনিবার বেলা ১১টার পর যেকোনো সময় খুলে দেওয়া হতে পারে। ক্যাচমেন্ট এলাকায় সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতের কারণে কাপ্তাই হ্রদের পানি বাড়তে থাকায় বন্যা নিয়ন্ত্রণ ও পানি ব্যবস্থাপনার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহামুদ হাসান।
তিনি গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বলেন, প্রতিটি গেট ৬ ইঞ্চি করে উঠিয়ে পানি নিষ্কাশন শুরু করা হতে পারে, যার মাধ্যমে অতিরিক্ত প্রায় ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হবে। বৃষ্টিপাত, হ্রদের পানির উচ্চতা ও ইনফ্লোর তারতম্যের ওপর নির্ভর করে গেট খোলার এই সময় এগিয়ে বা পিছিয়ে যেতে পারে। ইনফ্লো বেশি হলে ধাপে ধাপে গেট খোলার পরিমাণও বাড়ানো হবে বলে জানান তিনি।
কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ছিল ১০৩ দশমিক ৯১ ফুট (এমএসএল), যেখানে বাঁধের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল। বর্তমানে কেন্দ্রের পাঁচটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন চলছে, যার মাধ্যমে প্রতিদিন প্রায় ৩২ হাজার কিউসেক পানি ইতিমধ্যেই নিষ্কাশিত হচ্ছে।
কাপ্তাই বাঁধের জলকপাট খোলার এই সিদ্ধান্ত এমন এক সময়ে এল, যখন টানা ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে রাঙামাটির বরকল ও বিলাইছড়ি উপজেলায় ব্যাপক বন্যা দেখা দিয়েছে এবং জেলায় প্রায় ৪৫ হাজার মানুষ পানিবন্দী রয়েছেন। এমন পরিস্থিতিতে স্পিলওয়ে দিয়ে অতিরিক্ত পানি ছাড়া হলে ভাটি এলাকায় বন্যা পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের।
পাহাড় সব খবর















