কাপ্তাই হ্রদে বিএনপি নেতা নিখোঁজ
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি, সিভয়েস২৪
রাঙামাটির বিলাইছড়ি থেকে নৌপথে নিজ বাড়িতে ফেরার পথে কাপ্তাই হ্রদে নিখোঁজ হয়েছেন কাপ্তাই ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মাসুদ (৫০)। শনিবার (১৮ জুলাই) কাপ্তাই হ্রদের গর্জনটিলা এলাকায় এ ঘটনা ঘটে।
মো. মাসুদ কাপ্তাই শিল্প এলাকার বাসিন্দা এবং মৌসুমি ফল ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোরে বিলাইছড়ির ফারুয়া বাজার থেকে বিভিন্ন মৌসুমি ফল ও কাঁচামাল কিনে ইঞ্জিনচালিত নৌকায় কাপ্তাই জেটিঘাট বাজারের উদ্দেশে রওনা দেন মাসুদ। পরে রাইংখিয়ং বাজারসংলগ্ন এলাকায় তার মালামালসহ ইঞ্জিনচালিত নৌকাটি ভাসমান অবস্থায় পাওয়া যায়। তবে তিনি সেখানে ছিলেন না। এরপর থেকেই তাকে নিখোঁজ বলে ধারণা করা হচ্ছে।
হ্রদপথটি দুর্গম এবং ওই এলাকায় মোবাইল নেটওয়ার্ক না থাকায় বিষয়টি সংশ্লিষ্টদের নজরে আসতে বিলম্ব হয়।
কাপ্তাই ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইউছুপ বলেন, খবর পেয়ে নৌবাহিনীকে জানানো হয়। পরে নৌবাহিনীর ডুবুরি দল সন্ধ্যা থেকে কাপ্তাই হ্রদে তল্লাশি অভিযান চালায়। রাত ১১টা পর্যন্ত অভিযান পরিচালনা করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়।
কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও নৌবাহিনীর ডুবুরি দল যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়েছে। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ মাসুদের কোনো সন্ধান মেলেনি।
পাহাড় সব খবর















