হাবিলাসদ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন আবু তাহের
সিভয়েস২৪ ডেস্ক
চট্টগ্রামের পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির নতুন সভাপতি করা হয়েছে ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু তাহেরকে।
গত ৯ জুন বিদ্যালয়টির প্রশাসনিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে এই অস্থায়ী (অ্যাডহক) কমিটির অনুমোদন দেয় চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো. আবুল কাসেম স্বাক্ষরিত এক আদেশে কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়।
নবগঠিত কমিটির সদস্যরা হলেন— শিক্ষক প্রতিনিধি হিসেবে মোহাম্মদ সেলিম এবং অভিভাবক প্রতিনিধি হিসেবে মোহাম্মদ আবদুল মাবুদ। আর পদাধিকার বলে প্রধান শিক্ষককে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
শিক্ষা বোর্ডের আদেশে বলা হয়েছে, প্রবিধানমালা অনুযায়ী অ্যাডহক কমিটি ম্যানেজিং কমিটির সব ধরনের প্রশাসনিক ক্ষমতা ও দায়িত্ব পালন করবে। তবে বিদ্যমান সরকারি নির্দেশনা অনুযায়ী এ কমিটি শিক্ষক-কর্মচারী নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে পারবে না। নতুন এই কমিটির মেয়াদ থাকবে ছয় মাস।
ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু তাহের বর্তমানে দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান ‘মার্কেন্টাইল শিপিং লাইনস’র চিফ মেরিন ইঞ্জিনিয়ার ও সিনিয়র জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত রয়েছেন। দীর্ঘ পেশাজীবনে তিনি দক্ষতা, সততা ও পেশাদারিত্বের জন্য বিশেষ সুনাম অর্জন করেছেন।
শিক্ষা সব খবর















