Cvoice24.com

২৭ বছর পর ফিরছে ‘আবার হঠাৎ বৃষ্টি’

বিনোদন ডেস্ক
১৪:৩৬, ৮ জুন ২০২৬
২৭ বছর পর ফিরছে ‘আবার হঠাৎ বৃষ্টি’

বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার জনপ্রিয় চলচ্চিত্র ‘হঠাৎ বৃষ্টি’ মুক্তির প্রায় ২৭ বছর পর নতুন রূপে ফিরছে বড় পর্দায়। ‘আবার হঠাৎ বৃষ্টি’ নামের এই রিমেকটি পরিচালনা করেছেন কামরুজ্জামান।

পরিচালক জানান, প্রায় তিন মাস আগে সিনেমাটির শুটিং শেষ হয়েছে। ইতোমধ্যে এটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। সবকিছু ঠিক থাকলে আসন্ন দুর্গাপূজায় ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে।

রিমেক নির্মাণকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে কামরুজ্জামান বলেন, বর্তমান সময়ের কথা মাথায় রেখে ছবিটি নির্মাণ করা হয়েছে। দর্শক দেখার পরই এর মূল্যায়ন করবেন।

১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত মূল ‘হঠাৎ বৃষ্টি’ পরিচালনা করেছিলেন বাসু চ্যাটার্জি। সেই সিনেমাটি বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার অন্যতম সফল চলচ্চিত্র হিসেবে বিবেচিত হয়।

মূল ছবিতে ফেরদৌস ও প্রিয়াঙ্কা ত্রিবেদী অভিনয় করেছিলেন। নতুন সংস্করণে ফেরদৌসের চরিত্রে অভিনয় করেছেন আরিয়ান সারোয়ার এবং প্রিয়াঙ্কার চরিত্রে দেখা যাবে রাদিফা নারমিনকে।

এছাড়া সিনেমাটিতে আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, ক্রিস্টানো তন্ময়, কায়েস আরজু, মৌ খান ও ঝুনা চৌধুরীসহ অনেকে।

প্রধান চরিত্রে অভিনয় করা আরিয়ান সারোয়ার বলেন, তিনি শুটিংয়ের আগে মূল সিনেমাটি একাধিকবার দেখেছেন। তবে অনুকরণ নয়, নিজের মতো করে চরিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন।

তিনি আরও বলেন, এটি তার অভিনয় জীবনের শুরুতে একটি বড় প্রাপ্তি।

নতুন ‘আবার হঠাৎ বৃষ্টি’ প্রযোজনা করেছে আশীর্বাদ চলচ্চিত্র ও ইমপ্রেস টেলিফিল্ম। দর্শকের প্রত্যাশা, পুরোনো জনপ্রিয়তার স্মৃতি ধরে রেখে নতুন প্রজন্মের জন্য ভিন্ন এক অভিজ্ঞতা নিয়ে আসবে এই রিমেক।