Cvoice24.com

কক্সবাজারের ইনানী সৈকত থেকে উদ্ধার হোটেলকর্মীর মরদেহ

উখিয়া-টেকনাফ প্রতিনিধি, সিভয়েস২৪
১২:১৯, ৩০ জুলাই ২০২৬
কক্সবাজারের ইনানী সৈকত থেকে উদ্ধার হোটেলকর্মীর মরদেহ

কক্সবাজারের উখিয়ার ইনানী সমুদ্রসৈকত থেকে আবদুল আজিজ (২২) নামে এক তরুণ হোটেলকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (২৯ জুলাই) দিবাগত রাতে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ইনানী সমুদ্রসৈকতের বে-ওয়াচ হোটেল-সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত আজিজ উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের জুম্মাপাড়া গ্রামের বাসিন্দা মৃত রশিদ আহমদের ছেলে। তিনি প্রায় দুই বছর ধরে ইনানীর বে-ওয়াচ হোটেলে হোটেল বয় হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত ১২টার দিকে কয়েকজন স্থানীয় যুবক সৈকতে কাঁকড়া ধরতে গিয়ে বে-ওয়াচ হোটেলের অল্প দক্ষিণে সমুদ্রতীরে একটি মরদেহ ভাসতে দেখেন। পরে কাছে গিয়ে পরিচয় নিশ্চিত করে তারা নিহতের স্বজনদের খবর দেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।

স্থানীয় যুবদল নেতা শাহাব উদ্দিন শাহ বলেন, আবদুল আজিজের পরিবার আগে ইনানী এলাকায় বসবাস করলেও প্রায় ১৭ বছর আগে জুম্মাপাড়ায় চলে যায়। জীবিকার তাগিদে তিনি আবার ইনানীতে এসে একটি হোটেলে চাকরি করছিলেন। তার মৃত্যু কীভাবে হয়েছে, তা তদন্তের মাধ্যমে উদঘাটন হওয়া প্রয়োজন।

বে-ওয়াচ হোটেল কর্তৃপক্ষ জানায়, ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। হোটেলের আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। তাদের দাবি, আবদুল আজিজের সঙ্গে কারও ব্যক্তিগত বিরোধের তথ্য তাদের জানা নেই।

খবর পেয়ে ইনানী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ইনানী সৈকত থেকে এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং সব দিক খতিয়ে দেখা হচ্ছে।