Cvoice24.com

দেশে এখন বেকার নেই— দাবি এমপি মোসলেম উদ্দীনের

সিভয়েস প্রতিবেদক
২২:৩২, ১১ ফেব্রুয়ারি ২০২২
দেশে এখন বেকার নেই— দাবি এমপি মোসলেম উদ্দীনের

দেশের অর্থনৈতিক উন্নয়ন এতোই উন্নতি হয়েছে যে দেশের গ্রামে কোন চুরি ডাকাতির ঘটনা নেই বলে দাবি করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোসলেম উদ্দীন আহমদ। একই সঙ্গে দেশে বেকার কোন লোকজন নেই বলেও দাবি তার।

শুক্রবার রাতে চট্টগ্রামের রেডিসনে জুনিয়র চেম্বার চট্টগ্রাম কসমোপলিটনের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দক্ষিণ জেলা আওয়ামী লীগের শীর্ষ এ নেতা এই দাবি করেন।

তিনি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার ভিশনারি নেতৃত্বে দেশের অর্থনৈতিক সামাজিক যে অগ্রযাত্রা উন্নয়ন হয়েছে। দেশের আইন-শৃঙ্খলার যে উন্নতি হয়েছে তা অকল্পনীয়। অর্থনৈতিক উন্নয়নের কারণে গ্রামে চুরি ডাকাতির কোন ঘটনা ঘটে না এখন। কেননা দেশের প্রত্যেক মানুষ স্বাবলম্বী বলেই বেকারের সংখ্যাও নেই বললে চলে। সেকারণে মানুষ বিপথে যাবার দরকার পড়ছে না। এখন সবাই ইনকাম করে।'

নিজের এলাকার কথা জানিয়ে এমপি মোসলেম বলেন, ‘আগে আমার বোয়ালখালীতে সপ্তাহে পাঁচ দশটা চুরি ডাকাতির ঘটনা ঘটতো। এখন এ ধরনের কোন ঘটনা ঘটে না। দেশে কোন যুবকই বেকার নেই। সবাই কোন কোন না কাজ করে টাকা আয় করছে। একজন কাজের বুয়ারও অনেক টাকা আয়। এমনকি কেউ জায়গা জমি বিক্রির ব্রোকারি কাজ করেও ৫ লাখ টাকা ইনকাম করছে।‘

প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে সে অগ্রযাত্রায় জেসিআইয়ের তরুণদের এগিয়ে আসতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাদিজাতুল আনোয়ার সনি এমপি, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ শাহজাহান, চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট মাহবুবুল আলম এবং সঙ্গীত শিল্পী পার্থ বড়ুয়া। ভিডিও বার্তায় শুভেচ্ছা বক্তব্য দেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি।

তাছাড়া অনুষ্ঠানে কি নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট নিয়াজ মোর্শেদ এলিট। উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশের ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট সাইফ উদ্দৌল্লাহ। এছাড়া অনুষ্ঠানে জেসিআইয়ের বিগত কমিটির নেতৃবৃন্দ এবং নগরের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এই আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে ছিল সিভয়েস২৪ডটকম।