Cvoice24.com

কাপ্তাইয়ের ২২টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোটগ্রহণ

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
১৩:০৮, ১২ ফেব্রুয়ারি ২০২৬
কাপ্তাইয়ের ২২টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোটগ্রহণ

শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে ২৯৯ রাঙামাটি আসনের কাপ্তাই উপজেলার ২২টি ভোট কেন্দ্রে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) সকালে উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে গিয়ে দেখা যায়, সময় বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতিও বাড়ছে। দুরদুরান্ত থেকে ভোটাররা পায়ে হেটে ও বিভিন্ন মাধ্যমে ভোট কেন্দ্রে আসছে। এছাড়া সারিবদ্ধভাবে ভোট দিতে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা গেছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা লাইন ধরে এক এক করে নির্দিষ্ট বুথে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছে।

এদিকে উপজেলার বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে রাঙামাটি আসনের ৭ জন প্রার্থীর মধ্যে বেশির ভাগ কেন্দ্রে ২ থেকে ৪ জন প্রার্থীর এজেন্ট রয়েছে। অন্য প্রার্থীদের কোন এজেন্ট দেখা যায়নি।

বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে গিয়ে দেখা যায়, ৮০ বছর বয়সী ম্রাসাং মারমা নামের এক বৃদ্ধা ভোট দিতে কেন্দ্রে এসেছেন। তার সাথে কথা হলে তিনি জানান, ভোট দিতে পেরে তিনি খু্ব আনন্দিত। 

নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে গিয়ে কথা হয় নতুন প্রজন্মের তরুন ভোটার মোঃ শাহীন, সৈকত সহ কয়েকজনের সাথে। তারা বলেন, এই প্রথম ভোট দিতে পেরে আমরা অনেক খুশী। আমরা আমাদের পছন্দের প্রার্থীকে নির্বিঘ্নে ভোট দিতে পেরেছি। 

এদিকে রাইখালী রিফিউজি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে গিয়ে কথা হয় সুমী রানী দাশ, জাহেদা বেগম সহ কয়েকজন ভোটার এর সাথে। তারা বলেন, সকাল সকাল ভোট দিতে এসেছি। সময় বাড়ার সাথে সাথে ভোটারের উপস্থিতি বাড়ছে। তাই দ্রুত কেন্দ্রে এসে ভোট দিয়ে চলে যাচ্ছি।।

প্রসঙ্গত, কাপ্তাইয়ের ২২টি ভোট কেন্দ্রে সর্বমোট ভোটার সংখ্যা ৫০ হাজার ৯৫৯ জন। এছাড়া নির্বাচন দায়িত্ব পালন করছেন ২২ জন প্রিজাইডিং অফিসার, ৯৯ জন সহকারি প্রিজাইডিং অফিসার এবং ১৯৮ জন পোলিং অফিসার নিয়োজিত রয়েছেন। এছাড়া কেন্দ্রগুলোতো নিরাপত্তা নিশ্চিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার সহ সংশ্লিষ্ট বিভাগের দায়িত্ব প্রাপ্তরা সার্বক্ষণিক টহল জোরদার ও মনিটরিং করছি।।