কাপ্তাইয়ে ৬০ নারী-পুরুষ পেলেন উত্তম কৃষি চর্চা প্রশিক্ষণ
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি, সিভয়েস২৪
রাঙ্গামাটির কাপ্তাইয়ে কৃষি মন্ত্রণালয়ের পার্টনার (প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ) কর্মসূচির আওতায় কৃষক ও উদ্যোক্তাদের জন্য দিনব্যাপী উত্তম কৃষি চর্চা সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ ফেব্রুয়ারি) কাপ্তাই হর্টিকালচার ট্রেনিং সেন্টারের হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় ৬০ জন নারী-পুরুষ কৃষক ও উদ্যোক্তা অংশ নেন।
কাপ্তাই উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আহসান হাবীব এবং জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। তারা অংশগ্রহণকারীদের নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন, রাসায়নিক সারের সুষম ব্যবহার, কীটনাশকের অপেক্ষাকাল মেনে চলা, জৈব সার ও কম্পোস্ট ব্যবহারের গুরুত্ব, এবং পরিচ্ছন্ন পরিবেশে ফসল সংগ্রহ ও সংরক্ষণের নিয়মাবলী সম্পর্কে প্রশিক্ষণ দেন।
কর্মশালার আয়োজকরা জানান, এ পদ্ধতি অনুসরণ করলে ফসলের মান বৃদ্ধি, উৎপাদন খরচ হ্রাস, বাজারে নিরাপদ খাদ্যের চাহিদা পূরণ এবং কৃষকদের আয় বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে। এছাড়া পার্টনার কর্মসূচির মাধ্যমে কৃষকদের দক্ষতা উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরির লক্ষ্য বাস্তবায়ন করা হবে।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়।
পাহাড় সব খবর















