স্বরাষ্ট্রমন্ত্রীর পিএস হলেন রামগড়ের হাসনাত মোর্শেদ
রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি, সিভয়েস২৪
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ব্যক্তিগত সহকারী (পিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়া। এর আগে তিনি অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান-এর একান্ত সচিব (পিএস) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়-এর এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মু. তানভীর হাসান রুমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, উপদেষ্টা যত দিন পদে বহাল থাকবেন অথবা পিএস হিসেবে কাউকে রাখার অভিপ্রায় ব্যক্ত করবেন, তত দিন পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা পিএস পদে দায়িত্ব পালন করবেন।
বর্তমানে মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত। বিসিএস ২৮তম ব্যাচের এই কর্মকর্তা গত বছরের ১৮ আগস্ট মুহাম্মদ ফাওজুল কবির খানের পিএস হিসেবে নিয়োগ পান।
হাসনাত মোর্শেদ ভূঁইয়া খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম বেলায়েত হোসেন ভূঁইয়ার ছেলে। তিনি খাগড়াছড়ি থেকে নির্বাচিত সাংসদ আবদুল ওয়াদুদ ভূঁইয়ার ভাতিজা।
পাহাড় সব খবর















