আমার দরজা সবার জন্য খোলা : দীপেন দেওয়ান
রাঙামাটি প্রতিবেদক, সিভয়েস২৪
রাঙামাটিতে ধানের শীষের বিজয়কে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা–নেতাকর্মীদের সম্মিলিত জয় বলে অভিহিত করেছেন ত্রয়োদশ অ্যাডভোকেট দীপেন দেওয়ান। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে রাঙামাটি জেলা বিএনপির দলীয় কার্যালয়ে ইতিহাসের সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়-পরবর্তী দলের নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হওয়ার সময় তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে তিনি বলেন, ‘বিএনপি জনবান্ধব দল, আমাদের আচরণও সেই রকম হতে হবে। আমার দরজা সকলের জন্য সব সময় খোলা থাকবে। আমাদের বিজয় চ্যালেঞ্জিং বিজয়। আপনারা আমাকে সহযোগিতা করবেন। এই বিজয়ের মাধ্যমে আমরা দায়িত্ব পেয়েছি। এই বিজয়কে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। দলের যাতে বদনাম না হয়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।’
তিনি আরো বলেন, ‘এখন আপনারা জনগণের সেবক হয়ে যাবেন। জনগণের কথা শুনতে হবে। আমরা নিজেদের সমস্যা নিজেরা সমাধান করব, কোনো বিরোধ বাইরে নেবেন না। আমাদের বিজয় সম্প্রীতির রাঙামাটি গড়ার বিজয়। আপনাদের দলীয় শৃঙ্খলা মেনে কাজ করতে হবে।’
অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন, ‘যারা গত ১৭ বছর কষ্ট করেছেন, নানা হামলা-মামলার শিকার হয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। যে সকল বিএনপি পরিবার নিঃস্ব রয়েছে, তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে। বিজয় শেষ হয়নি, বিজয় সামনে। এই সময়টাতে আমরা বিজয় মিছিল না করে জনগণের পাশে দাঁড়াব। আপনারা কোনো সমস্যায় পড়লে আমাকে জানাবেন। আপনাদের জন্য আমার বাড়ির দরজা সব সময় খোলা থাকবে।’
এই সময় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার (দীপু), সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম চৌধুরী ভুটো, জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিলসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
রাঙামাটি–২৯৯ সংসদীয় আসনের জেলা রিটার্নিং কর্মকর্তার তথ্য মতে, বিএনপি প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান ভোট পেয়েছেন ২ লাখ ১ হাজার ৫৪৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৩১ হাজার ২২২ ভোট।
পাহাড় সব খবর















