Cvoice24.com

রাঙামাটিতে ২১৩ কেন্দ্রে চলছে ভোট গণনা

রাঙামাটি প্রতিবেদক, সিভয়েস২৪
১৭:১০, ১২ ফেব্রুয়ারি ২০২৬
রাঙামাটিতে ২১৩ কেন্দ্রে চলছে ভোট গণনা

হ্রদ–পাহাড়ের জেলা রাঙামাটিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর জেলার ২৯৯ নম্বর সংসদীয় আসনের ২১৩টি কেন্দ্রে প্রার্থীদের এজেন্টদের উপস্থিতিতে ভোট গণনা চলছে। গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এর আগে, সকাল সাড়ে সাতটা থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। 

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানানো হয়েছে, দিনভর শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে এবং কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

জেলার একমাত্র এই সংসদীয় আসনে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন—স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা (ফুটবল), বিএনপি মনোনীত দীপেন দেওয়ান (ধানের শীষ), জাতীয় পার্টির অশোক তালুকদার (লাঙ্গল), বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জুঁই চাকমা (কোদাল), খেলাফত মজলিসের আবু বকর সিদ্দিক (রিকশা), ইসলামী আন্দোলন বাংলাদেশের জসিম উদ্দিন (হাতপাখা) এবং গণঅধিকার পরিষদের মো. আবুল বাশার (ট্রাক)।

রাঙামাটি আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৯ হাজার ২৬৭ জন।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলায় ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। নিরাপত্তায় মোতায়েন রয়েছে ৩৭ প্লাটুন বিজিবি। পাশাপাশি আড়াই হাজারের বেশি আনসার সদস্য, দেড় হাজারের বেশি পুলিশ সদস্য এবং প্রায় তিন হাজার সেনাসদস্য দায়িত্ব পালন করছেন। বিভিন্ন কেন্দ্রে স্থাপন করা হয় সিসিটিভি ক্যামেরা।