কাপ্তাইয়ে জাল দলিলে জমি অধিগ্রহণে ১০ কোটি টাকা আত্মসাৎ, দুদকের মামলা
রাঙামাটি প্রতিবেদক, সিভয়েস২৪
রাঙামাটির কাপ্তাই উপজেলার শিলছড়ি গ্রামে আনসার ব্যাটালিয়ন ক্যাম্পের জমি অধিগ্রহণে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের রাঙামাটি সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রাজু আহমেদ চলতি বছরের ২২ ফেব্রুয়ারি কাপ্তাই স্টারলিং ফ্লাইউড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাসান মাহমুদ খানের বিরুদ্ধে এ মামলা করেন। এতে জমি অধিগ্রহণ বাবদ ১০ কোটি ৩৮ লাখ ৮৬ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
দুদকের অভিযোগপত্রে বলা হয়, কাপ্তাই উপজেলার ১০০ নম্বর ওয়াগ্গা মৌজার শিলছড়ি গ্রামে অবস্থিত স্টারলিং ফ্লাইউড ইন্ডাস্ট্রিজ লিমিটেড একটি নিবন্ধিত যৌথ মূলধনী কোম্পানি হলেও প্রতিষ্ঠানটির নামে লিজ প্রদান সংক্রান্ত কোনো রেকর্ডপত্র পাওয়া যায়নি। এমনকি সংশ্লিষ্ট লিজ ডিডও তদন্তকালে উপস্থাপন করতে পারেননি অভিযুক্ত ব্যক্তি।
এছাড়া ওই ভূমি কীভাবে রেকর্ডভুক্ত হলো, সে সংক্রান্ত কোনো তথ্যও পাওয়া যায়নি বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।
মামলার নথিতে আরও বলা হয়, জালিয়াতির মাধ্যমে তৈরি দলিল ব্যবহার করে স্টারলিং ফ্লাইউড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নামে রেকর্ডীয় ২২ দশমিক ১৭ একর ভূমি থেকে আনসার ব্যাটালিয়নের জন্য ২০১৫ সালে অধিগ্রহণ প্রস্তাব দাখিল করা হয়। পরে যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসকের কার্যালয় ৮ দশমিক ০৯ একর জমির ক্ষতিপূরণ প্রদানের সিদ্ধান্ত নেয়।
২০১৮ সালে ওই জমি ও তাতে থাকা গাছপালার ক্ষতিপূরণ বাবদ ১০ কোটি ৩৮ লাখ ৮৬ হাজার টাকা চেকের মাধ্যমে গ্রহণ করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হাসান মাহমুদ খান। অভিযোগে বলা হয়, ওই অর্থ গ্রহণ করা হয় ২০১৮ সালের ২ জুলাই।
দুদক জানায়, ভূমিটি যে উদ্দেশ্যে সরকারের কাছ থেকে লিজ নেওয়া হয়েছিল, সে উদ্দেশ্যে ব্যবহারযোগ্য না হলে তা সরকারের কাছে ফেরতযোগ্য ছিল।
এ অবস্থায় প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে লিজ ডিড গোপন করে জমাবন্দি প্রদর্শনের মাধ্যমে অর্থ গ্রহণ করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। দণ্ডবিধির ৪০৯, ৪২০, ২০১, ৪৬৭ ও ৪৬৮ ধারায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানায় দুদক।
অভিযোগের বিষয়ে জানতে কাপ্তাই স্টারলিং ফ্লাইউড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাসান মাহমুদ খানের সঙ্গে যোগাযোগ করা হলে তার ফোন ধরেন প্রতিষ্ঠানটির পরিচালক ও ভাই এহসান মামুন। তিনি বলেন, হাসান মাহমুদ খান বর্তমানে দেশের বাইরে রয়েছেন। এ মামলা ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত।
পাহাড় সব খবর















