Cvoice24.com

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আবারও আহ্বায়ক কমিটি, নেতৃত্বে ইদ্রিস-হেলাল 

সিভয়েস২৪ প্রতিবেদক
১২:৩২, ২ ফেব্রুয়ারি ২০২৫
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আবারও আহ্বায়ক কমিটি, নেতৃত্বে ইদ্রিস-হেলাল 

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ইদ্রিস মিয়াকে আহ্বায়ক এবং লায়ন হেলাল উদ্দিনকে সদস্যসচিব করা হয়েছে।

রবিবার (২ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির নেতাদের নাম ও পদবি জানানো হয়। 

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে আলী আব্বাসকে। আংশিক এই কমিটিতে আরও আছেন লিয়াকত হোসেন ও মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। তাদের দুজনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

এর মধ্যে ইদ্রিস মিয়া দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এবং লায়ন হেলাল উদ্দিন আনোয়ারা উপজেলা বিএনপির সদস্য সচিব ছিলেন।

নতুন কমিটির বাকিদের মধ্যে আলী আব্বাস জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি প্রয়াত সাবেক পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর ছেলে।

তবে নতুন কমিটির আরেক যুগ্ম আহ্বায়ক লিয়াকত হোসেনের রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে, গত বছরের ১ সেপ্টেম্বর দেশের আলোচিত শিল্পগোষ্ঠী এস আলমের বিলাসবহুল গাড়িকাণ্ডে বিলুপ্ত ঘোষণা করা হয় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি।