প্রার্থী বদলে বড় চমক রাউজানে!
নিউজ ডেস্ক, সিভয়েস২৪
চট্টগ্রামের দুইটি আসনে প্রার্থী পরিবর্তনের একদিন না যেতেই এবার চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বড় সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলটি সম্ভাব্য প্রার্থী বদলে সেখানে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম আকবর খোন্দকারকে ‘চূড়ান্ত’ মনোনয়ন দিয়েছে।
রবিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় রাউজান আসনে মনোনয়নের বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন গোলাম আকবর খোন্দকার। এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দলীয় সূত্র জানায়, চট্টগ্রাম-৬ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছিল গিয়াস কাদের চৌধুরীকে। তবে ‘নির্বাচনী কৌশল’ হিসেবে সেই আসনে তাকে সরিয়ে গোলাম আকবর খোন্দকারকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে।
তবে অন্য একটি সূত্র জানাচ্ছে, রাউজান আসনে দল গোলাম আকবর খোন্দকারকেও মনোনয়ন দিয়েছে। এর আগে গিয়াস কাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছিল। বর্তমানে দুজনই সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন। দল চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে শেষ পর্যন্ত একজনকে প্রার্থী ঘোষণা করবেন।
এর আগে, শনিবার (২৭ ডিসেম্বর) চট্টগ্রামের আরও দুইটি আসনে প্রার্থী পরিবর্তন করে বিএনপি। চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও চট্টগ্রাম নগরের আংশিক) আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোহাম্মদ আসলাম চৌধুরী এবং চট্টগ্রাম-১০ (পাহাড়তলী–হালিশহর) আসনে প্রয়াত নেতা আব্দুল্লাহ আল নোমানের ছেলে সাঈদ আল নোমান চূড়ান্ত মনোনয়ন পান।
গত ৩ নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭টি আসনে দলের প্রার্থী ঘোষণা করেন। সে সময় চট্টগ্রাম-৪ আসনে কাজী মোহাম্মদ সালাউদ্দিন, চট্টগ্রাম-৬ আসনে গিয়াস উদ্দিন কাদের এবং চট্টগ্রাম-১০ আসনে আমীর খসরু মাহমুদ চৌধুরীর নাম ঘোষণা করা হয়েছিল।
রাজনীতি সব খবর















