Cvoice24.com

দ্বৈত নাগরিকত্ব ইস্যু
বিএনপির তিন প্রার্থীর ভাগ্য আপাতত বহাল, নির্বাচনের পর শুনানি

সিভয়েস২৪ ডেস্ক
১২:০৭, ১০ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপির তিন প্রার্থীর ভাগ্য আপাতত বহাল, নির্বাচনের পর শুনানি

দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত অভিযোগে ঢাকা-১১ আসনে বিএনপির প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের করা আপিলের শুনানি জাতীয় সংসদ নির্বাচনের পর অনুষ্ঠিত হবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে এম এ কাইয়ুমের কোনো আইনগত বাধা রইল না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। 

এর আগে, আপিল আবেদনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দাবি করেন, ঢাকা-১১ আসনের বিএনপি প্রার্থী এম এ কাইয়ুম দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশ ভানুয়াতুর নাগরিক এবং তিনি দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত তথ্য গোপন করে নির্বাচনে অংশ নিচ্ছেন। এই অভিযোগের ভিত্তিতে তার প্রার্থিতা বাতিলের আবেদন করা হয়।

এদিকে একই দিনে কুমিল্লা-৩ আসনে বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে দায়ের করা আবেদনও আপিল বিভাগ খারিজ করে দিয়েছে। ফলে তার নির্বাচনে অংশগ্রহণেও কোনো বাধা থাকছে না।

জানা গেছে, দ্বৈত নাগরিকত্বের অভিযোগ এনে কুমিল্লা-৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ইউসুফ সোহেল কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের বিরুদ্ধে ‘লিভ টু আপিল’ করেছিলেন। তবে আপিল বিভাগ সেই আবেদন খারিজ করে দেন।

এছাড়াও বগুড়া-১ আসনে বিএনপির প্রার্থী কাজী রফিকুল ইসলামের প্রার্থিতা চ্যালেঞ্জ করে দায়ের করা আপিলের শুনানি নির্বাচনের পর অনুষ্ঠিত হবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। ফলে তিনিও আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন।