Cvoice24.com

ফটিকছড়িতে ধানের শীষে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন গণ অধিকার পরিষদের প্রার্থী

ফটিকছড়ি প্রতিনিধি, সিভয়েস২৪
১৭:৩৯, ১০ ফেব্রুয়ারি ২০২৬
ফটিকছড়িতে ধানের শীষে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন গণ অধিকার পরিষদের প্রার্থী

ফটিকছড়িতে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সরোয়ার আলমগীরকে সমর্থন দিয়েছেন গণ অধিকার পরিষদের প্রার্থী রবিউল হাসান তানজিম। এ উপলক্ষে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে ধানের শীষের প্রার্থী সরোয়ার আলমগীরকে সমর্থন জানিয়ে গণ অধিকার পরিষদের প্রার্থী রবিউল হাসান তানজিম নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে রবিউল হাসান তানজিম বলেন, বিএনপির সঙ্গে আমাদের দলের কেন্দ্রীয়ভাবে একটি সমঝোতা হয়েছে। সেই সমঝোতার আলোকে ফটিকছড়িতে বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরকে সমর্থন দিয়ে আমি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি। ফটিকছড়ি নিয়ে যে স্বপ্ন আমি দেখেছিলাম, সেই স্বপ্ন সরোয়ার আলমগীর ভাইয়ের মাধ্যমে বাস্তবায়ন করব। যারা এতদিন আমাকে সমর্থন ও সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং অনুরোধ করছি—ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে সরোয়ার আলমগীর ভাইকে জয়যুক্ত করবেন।

এ সময় সরোয়ার আলমগীর বলেন, গণ অধিকার পরিষদের প্রার্থী রবিউল হাসান তানজিম আমাকে সমর্থন দেওয়ায় আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি দীর্ঘদিন যে ত্যাগ, কষ্ট ও পরিশ্রম করেছেন, তা বৃথা যাবে না। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ফটিকছড়িকে গড়ে তুলব।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি শাহ আলম, ফটিকছড়ি উপজেলা গণ অধিকার পরিষদের নেতা সোলাইমান সালমান, মোহাম্মদ আবু দাউদসহ অন্যান্য নেতাকর্মীরা।

এদিকে গত ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান ‘ফুটবল’ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আহম্মদ কবির করিম।

এর আগে গত ৭ ফেব্রুয়ারি এক বৈঠকে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সরোয়ার আলমগীর, জনতার দল মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার গোলাম নওশের আলী (কলম) ও স্বতন্ত্র প্রার্থী জিন্নাত আক্তার (হরিণ) আনুষ্ঠানিকভাবে ঐক্যের ঘোষণা দেন।