চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত চট্টগ্রাম–১৩ উপহার দেওয়া হবে: সরওয়ার নিজাম
জাহিদ হৃদয়, আনোয়ারা
চট্টগ্রাম–১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে বিপুল ভোটে জয়ী হয়ে চতুর্থবারের মতো সংসদ সদস্য হয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সরওয়ার জামাল নিজাম। নির্বাচিত হওয়ার পর শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) তিনি বলেছেন, ‘চট্টগ্রাম–১৩ আসনে কাউকে চাঁদাবাজি করতে দেওয়া হবে না, সন্ত্রাস করতে দেওয়া হবে না। একটি চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত এলাকা উপহার দেওয়া হবে।’
ঘোষিত ফলাফলে ধানের শীষ প্রতীকে সরওয়ার জামাল নিজাম পেয়েছেন ১ লাখ ২৫ হাজার ৪৬০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বৃহত্তর সুন্নী জোটের এস এম শাহজাহান (মোমবাতি) পেয়েছেন ৫১ হাজার ৬২ ভোট এবং ১১ দলীয় জোটের মাহমুদুল হাসান চৌধুরী (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৩৪ হাজার ৩৫ ভোট।
এ ছাড়া জাতীয় পার্টির আবদুর রব চৌধুরী (লাঙ্গল) ৪২৮, এনডিএমের মোহাম্মদ এমরান (সিংহ) ২১৯, গণঅধিকার পরিষদের মো. মুজিবুর রহমান (ট্রাক) ১৫৯ এবং ইনসানিয়াত বিপ্লবের মু. রেজাউল মোস্তফা (আপেল) ২৮৩ ভোট পেয়েছেন।
নির্বাচিত হওয়ার পর সরওয়ার জামাল নিজাম বলেন, ‘আওয়ামী গোষ্ঠী আমার পরিবারকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল। ওয়ান-ইলেভেনের সময় আমাকে টার্গেট করে জেলে নেওয়া হয়েছিল, দেশে থাকতে দেওয়া হয়নি।’
তিনি আরও বলেন, ‘বিএনপির গায়ে কেউ কালিমা লেপন করতে চাইলে তা প্রতিহত করা হবে। আনোয়ারাকে একটি সুন্দর ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তোলা হবে।’
নিজ এলাকার ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘দীর্ঘ ১৭ বছর পর আপনারা আবারও বিপুল ভোটে আমাকে চতুর্থবারের মতো নির্বাচিত করেছেন। এজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আমি কথা দিচ্ছি, আনোয়ারাকে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি অর্থনৈতিকভাবেও সমৃদ্ধ করা হবে।’
উল্লেখ্য, চট্টগ্রাম–১৩ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯৫ হাজার ২৪৬। এর মধ্যে মোট প্রদত্ত ভোট ২ লাখ ২২ হাজার ২৩৩। বাতিল ভোট ১০ হাজার ৬৮৭ এবং মোট বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ১১ হাজার ৫৪৬।
রাজনীতি সব খবর















