Cvoice24.com

আঞ্জুমান ট্রাস্টে মহসিনের স্থলাভিষিক্ত হলেন মঞ্জুরুল আলম

সিভয়েস২৪ ডেস্ক
১৮:০৮, ২৬ সেপ্টেম্বর ২০২৪
আঞ্জুমান ট্রাস্টে মহসিনের স্থলাভিষিক্ত হলেন মঞ্জুরুল আলম

আন্জুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিনের ইন্তেকালে তাঁর জায়গায় নিয়োগ পেয়েছেন মঞ্জুরুল আলম মনজু। এছাড়া, অর্থ সম্পাদক পদে কমর উদ্দিন সবুরকে এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মরহুম মুহাম্মদ মহসিনের ছেলে মোহাম্মদ গোলাম মহিউদ্দিনকে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) আওলাদে রাসূল (সা.) আন্জুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের প্রেসিডেন্ট আল্লামা পীর সৈয়্যদ মুহাম্মাদ তাহের শাহ (মা জি আ) স্বাক্ষরিত এক আদেশে এ নিয়োগ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আল্লামা সৈয়্যদ মুহাম্মাদ তাহের শাহ্ হুজুর কেবলা (মাদ্দাজিল্লুহুল আলী) বলেন, আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিনের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি। তাঁর জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করছি, মুহাম্মদ মহসীনের অশেষ খেদমত ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তাঁর ইন্তেকালে যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা পূরণ করতে অক্লান্ত পরিশ্রম এবং আন্তরিকতা প্রয়োজন। আল্লাহ পাক যেন আমাদেরকে তাঁর পদাঙ্ক অনুসরণ করে জামেয়া-আনজুমানের খেদমত করার তৌফিক দেন।

আল্লামা পীর সৈয়্যদ মুহাম্মাদ সাবির শাহ্ মাদ্দাজিল্লুহুল আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আনজুমান ট্রাস্টের ক্যাবিনেট সভায় তাৎক্ষণিক এ নির্দেশ কার্যকর করা হয়।