আজ মহাসপ্তমী, নবপত্রিকা স্থাপন
সিভয়েস২৪ ডেস্ক
চলছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) দেবীপূজার দ্বিতীয় দিন মহাসপ্তমী। দেশের সব মন্দিরে সকাল থেকে শুরু হয়েছে সপ্তমী পূজার আনুষ্ঠানিকতা। চণ্ডীপাঠ ও মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে দেবী-দর্শন, দেবীর চরণে ভক্তদের অঞ্জলি এবং প্রসাদ বিতরণের মাধ্যমে দিনব্যাপী চলবে এ আয়োজন।
শাস্ত্র অনুযায়ী, মহাসপ্তমীর সকালে নবপত্রিকা স্থাপন করা হয়। ‘নবপত্রিকা’ অর্থ নয়টি ভিন্ন উদ্ভিদ, যার মধ্যে থাকে কলাগাছ, কচু, হলুদ, জয়ন্তী, বেল, ডালিম, অশোক, মান ও ধান। এগুলো একত্রে কলাগাছে বেঁধে লালপাড় সাদা শাড়ি পরানো হয় বধূর মতো করে। পরে দেবীপ্রতিমার ডান পাশে স্থাপন করে পূজা করা হয়। প্রচলিত ভাষায় একে বলা হয় ‘কলাবউ’।
ধর্মগ্রন্থ মতে, নবপত্রিকার প্রতিটি উদ্ভিদ দেবী দুর্গার একেকটি বিশেষ রূপের প্রতীক। এভাবে নবপত্রিকাকে পূজা করা হয় ‘নবপত্রিকাবাসিনী নবদুর্গা’ হিসেবে। নবপত্রিকা প্রবেশের পর দেবীকে ‘মহাস্নান’ করানো হয় প্রতিমার প্রতিবিম্বে আয়না ব্যবহার করে।
চট্টগ্রাম নগরের জেএম সেন হলে মহাসপ্তমী উপলক্ষে বিশেষ আয়োজন রয়েছে। দুপুর ২টায় লোককবি কল্পতরু ভট্টাচার্য ও তাঁর দলের পরিবেশনায় জাগরণ পুঁথি পাঠ, বিকেল ৪টায় বংশী শিল্পকলা একাডেমির সঙ্গীতানুষ্ঠান, সন্ধ্যা ৬টায় সন্ধ্যারতি, রাত ৮টায় অদিতি সঙ্গীত নিকেতনের পরিবেশনায় ‘এসো মা জননী’ এবং রাত সাড়ে ৮টায় বেতার ও টেলিভিশনের শিল্পীদের পরিবেশনায় বিশেষ সঙ্গীতাঞ্জলি নমো চণ্ডী অনুষ্ঠিত হবে।
হাজারী লেইন সর্বজনীন দুর্গোৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে গত শনিবার মহাপঞ্চমী উপলক্ষে দুর্গার মুখাবরণ উন্মোচন ও ছয় দিনব্যাপী শারদোৎসবের উদ্বোধন করা হয়। হাজারী বাড়ি মন্দিরে মাতৃসঙ্গীত ও মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন স্বামী শক্তিনাথানন্দ।
আগামীকাল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) মহাষ্টমী। সারা দেশের পূজামণ্ডপে অনুষ্ঠিত হবে কুমারী পূজা, যা অষ্টমী পূজার প্রধান আকর্ষণ। ফুল, জল, বেলপাতা, ধূপ-দীপসহ ষোড়শ উপচারে দেবী দুর্গাকে কুমারীরূপে আরাধনা করা হবে।
হিন্দু দর্শনে কুমারী মেয়েদের দেবী দুর্গার নয়টি রূপের প্রতিনিধি হিসেবে পূজা করা হয়। তাদের মধ্যে দেখা হয় সৃষ্টিশক্তির প্রতিফলন, মাতৃত্বের পবিত্রতা ও অনন্ত প্রেমের প্রতীক। শঙ্খধ্বনি, ঢাক-ঢোল, কাঁসর ঘণ্টা আর উলুধ্বনির মধ্যে দেবী কুমারীকে পুষ্পমাল্য পরানো হবে।
ধর্ম সব খবর















