Cvoice24.com

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ

সিভয়েস২৪ ডেস্ক
১০:৪৫, ৪ অক্টোবর ২০২৫
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ

আজ শনিবার (৪ অক্টোবর) পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম, যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে। ইসলামের অন্যতম মহান সাধক, আধ্যাত্মিক নেতা ও সুফি সাধনায় অনন্য অবদান রাখা গাউসুল আযম হজরত আবদুল কাদের জিলানী (রহ.)–এর ওফাত দিবস মুসলিম বিশ্বে এ দিনে স্মরণ করা হয়।

‘ইয়াজদাহম’ ফারসি শব্দ, যার অর্থ এগারো। হিজরি ৫৬১ সালের ১১ রবিউস সানিতে হজরত আবদুল কাদের জিলানী (রহ.) ইন্তেকাল করেন। এ কারণে দিনটি মুসলিমরা ‘ফাতেহা–ই–ইয়াজদাহম’ নামে পালন করে আসছে।

হজরত আবদুল কাদের জিলানী (রহ.) ৪৭০ হিজরিতে ইরানের জিলান নগরীতে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন সৈয়দ আবু সালেহ এবং মাতা ছিলেন বিবি ফাতেমা। তিনি বাগদাদের মহান পীর হজরত আবু সাঈদ ইবনে আলী ইবনে হুসাইন মাখরুমির (রহ.)–এর কাছে আধ্যাত্মিক জ্ঞান অর্জন করে খেলাফত লাভ করেন। ইসলামের প্রতি গভীর বিশ্বাস, বিনম্রতা ও মানবসেবাকে তিনি জীবনের মূল লক্ষ্য হিসেবে তুলে ধরেন। এজন্যই তাকে ‘গাউসুল আযম’ বা ‘সর্বোচ্চ সাহায্যকারী’ বলা হয়।

আজকের এই দিনে বিশ্বজুড়ে মুসলিমরা তার রুহের মাগফিরাত কামনায় দোয়া–মোনাজাত করে থাকেন এবং তার জীবনাদর্শ আলোচনা করা হয়।

দরবারে জিলানী শরীফে বিশেষ আয়োজন
পবিত্র ফাতেহা–ই–ইয়াজদাহম ও দরবারে জিলানী শরীফের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম নগরের উত্তর নালাপাড়ায় দরবারে জিলানী শরীফে তিন দিনব্যাপী (৪, ৫ ও ৬ অক্টোবর) আজিমুশশান ওয়াজ, জিকিরে মোস্তফা (দ.) মাহফিল ও ফাতেহা শরীফ অনুষ্ঠিত হবে।