২০২৬ সালের রমজানের তারিখ প্রকাশ করলো আরব আমিরাত
সিভয়েস২৪ ডেস্ক
সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীদের প্রাথমিক হিসাব অনুযায়ী, ২০২৬ সালের পবিত্র রমজান মাস শুরু হবে ১৯ ফেব্রুয়ারি। এতে রমজান শুরু হতে আর মাত্র ১৩৯ দিন বাকি রয়েছে।
শনিবার (৪ অক্টোবর) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান ব্যাখ্যা করেছেন, নতুন অর্ধচন্দ্রের জন্ম হবে ১৭ ফেব্রুয়ারি বিকেল ৪টা ১ মিনিটে। তবে সূর্যাস্তের মাত্র এক মিনিট পরে এটি অস্ত যাবে, ফলে সন্ধ্যায় নতুন চাঁদ দেখা অসম্ভব হবে। সেজন্য রমজানের প্রথম দিন ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার পড়ার সম্ভাবনা রয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে চাঁদ দেখা কমিটির নিশ্চিতকরণের অপেক্ষা চলছে।
আল জারওয়ান আরও জানিয়েছেন, আবুধাবিতে রোজার সময় মাসের শুরুতে আনুমানিক ১২ ঘণ্টা ৪৬ মিনিট এবং মাসের শেষে ধীরে ধীরে ১৩ ঘণ্টা ২৫ মিনিটে বৃদ্ধি পাবে। দিনের আলো ১১ ঘণ্টা ৩২ মিনিট থেকে ১২ ঘণ্টা ১২ মিনিটে বৃদ্ধি পাবে।
আবহাওয়ার বিষয়ে তিনি বলেন, মাসের শুরুতে আবুধাবিতে তাপমাত্রা ১৬ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। মাসের শেষে তাপমাত্রা ১৯ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে। তখন বসন্তের আবহাওয়া এবং পশ্চিমা বাতাসের প্রভাব লক্ষ্য করা যাবে।
ধর্ম সব খবর















