Cvoice24.com

অস্ট্রেলিয়ান ওপেন 
তরুণ জোভিচকে উড়িয়ে সবার আগে সেমিতে সাবালেঙ্কা

ক্রীড়া ডেস্ক, সিভয়েস২৪
১০:৪৬, ২৭ জানুয়ারি ২০২৬
তরুণ জোভিচকে উড়িয়ে সবার আগে সেমিতে সাবালেঙ্কা

অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে ১৮ বছর বয়সী আমেরিকান উদীয়মান তারকা ইভা জোভিচকে কোনো সুযোগই দেননি আরিনা সাবালেঙ্কা। টানা দুই সেটে ৬-৩ ও ৬-০ গেমে জয় তুলে নিয়ে সবার আগে টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা করে নিলেন বিশ্বের এক নম্বর এই টেনিস তারকা।

মেলবোর্ন পার্কের গরম আবহাওয়ায় শুরু থেকেই ম্যাচের পূর্ণ নিয়ন্ত্রণ ছিল সাবালেঙ্কার হাতে। প্রথম সেটে দ্রুত ৩-০ ব্যবধানে এগিয়ে যান তিনি। জোভিচ লড়াইয়ের চেষ্টা করলেও অভিজ্ঞতা ও শক্তিশালী শটের কাছে টিকতে পারেননি। শেষ পর্যন্ত প্রথম সেট ৬-৩ গেমে জিতে নেন সাবালেঙ্কা।

দ্বিতীয় সেটে আরও আক্রমণাত্মক রূপে দেখা যায় ২৭ বছর বয়সী বেলারুশিয়ান এই তারকাকে। শুরুতেই প্রতিপক্ষের সার্ভ ভেঙে দেন তিনি। এরপর একের পর এক বিধ্বংসী গ্রাউন্ডস্ট্রোক ও সার্ভে মাত্র কয়েক মিনিটেই ৬-০ ব্যবধানে সেট এবং ম্যাচ শেষ করেন সাবালেঙ্কা।

ম্যাচ শেষে প্রতিপক্ষের প্রশংসা করে সাবালেঙ্কা বলেন, স্কোরলাইন সহজ মনে হলেও ম্যাচটি মোটেও সহজ ছিল না। তরুণ জোভিচ তাকে আরও ভালো খেলতে বাধ্য করেছে।

২০২৩ ও ২০২৪ সালের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন সাবালেঙ্কা টানা চার বছরে তৃতীয় শিরোপার লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন। সেমিফাইনালে তার প্রতিপক্ষ হবেন কোকো গফ অথবা এলিনা স্বিতোলিনা।

খেলাধুলা সব খবর