ভারত–পাকিস্তান মহারণের টিকিট সোল্ড-আউট, হোটেল-ফ্লাইট ভাড়া আকাশছোঁয়া
ক্রীড়া ডেস্ক, সিভয়েস২৪
ক্রিকেটের সবচেয়ে প্রতীক্ষিত দ্বৈরথ—ভারত-পাকিস্তানের ম্যাচ। সব অনিশ্চয়তা কাটিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে রবিবার (১৫ ফেব্রুয়ারি) আবার মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় এই লড়াইকে ঘিরে বিশ্বজুড়ে তৈরি হয়েছে তুমুল উত্তেজনা। শ্রীলঙ্কার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামেআবারও দেখা যাবে মহারণটি। তবে এ ম্যাচকে ঘিরে টিকিট-হোটেল ও ফ্লাইটের দাম বেড়েছে কয়েকগুণ। কিন্তু এই বাড়তি দামের টিকিটও কয়েক মিনিটেই হাওয়া।
বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, ৩৫ হাজার আসনের স্টেডিয়ামের টিকিট এখন কালোবাজারে চার গুণ দামে বিক্রি হচ্ছে।
টিআরটি ওয়ার্ল্ড-এর প্রতিবেদনে বলা হয়েছে, রাজনৈতিক ঘটনাপ্রবাহ ম্যাচটিকে আরও আলোচনায় নিয়ে এসেছে। বাংলাদেশের বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে বিতর্ক, পাকিস্তানের ম্যাচ বয়কটের হুমকি—সব মিলিয়ে উত্তেজনা কয়েকগুণ বেড়েছে।
বিশ্লেষকদের ধারণা, এই ম্যাচ টিভি দর্শকের নতুন রেকর্ড গড়তে পারে। আগেও ভারত–পাকিস্তান ম্যাচে ১০০ কোটির বেশি মানুষ দেখার নজির রয়েছে। তবে আইসিসির তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি দর্শক দেখেছিল ২০১১ বিশ্বকাপ ফাইনাল, যেখানে খেলেছিল ভারত ও শ্রীলঙ্কা।
এদিকে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ম্যাচটি দেখতে হাজারো ভক্ত কলম্বোতে ভিড় করায় ফ্লাইট ও হোটেল ভাড়াও হঠাৎ কয়েকগুণ বেড়ে গেছে। সাধারণ ১০০–১৫০ ডলারের হোটেল এখন ৬৬০ ডলার। চেন্নাই থেকে কলম্বো ফ্লাইট ভাড়া বেড়েছে ৩ গুণ আর দিল্লি থেকে ভাড়া বেড়েছে ৫০%।
স্থানীয় ট্রাভেল এজেন্সিগুলো বলছে, বেশিরভাগ সমর্থক ‘অল-ইনক্লুসিভ’ প্যাকেজে আসছেন।
‘এ’ গ্রুপে দুই দলই দুটি করে ম্যাচ জিতেছে। তাই রবিবারের ম্যাচে জয়ী দল উঠবে সুপার এইটে। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে ম্যাচটি।
প্রসঙ্গত, রাজনৈতিক সম্পর্কের কারণে এই দুই দল এখন কেবল আন্তর্জাতিক টুর্নামেন্টেই মুখোমুখি হয়। ১৮ বছর ধরে টেস্ট ম্যাচ হয়নি, আর দ্বিপক্ষীয় সিরিজ খেলতে সীমান্ত পাড়ি দিয়েছে ১৩ বছর আগে।
খেলাধুলা সব খবর















