Cvoice24.com

পুরুষ ফুটবলরদেরও মাসিক বেতনের আওতায় আনার ঘোষণা 

ক্রীড়া ডেস্ক, সিভয়েস২৪
২১:০৭, ২৪ ফেব্রুয়ারি ২০২৬
পুরুষ ফুটবলরদেরও মাসিক বেতনের আওতায় আনার ঘোষণা 

জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বর্তমান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক দেশের পুরুষ ফুটবলরদের মাসিক বেতন কাঠামোর আওতায় আনার ঘোষণা দিয়েছেন।  বিশ্বব্যাপী ফুটবলাররা ক্লাব থেকে বড় অর্থ উপার্জন করেন। কিন্তু জাতীয় দলে খেললেও বাংলাদেশে বাফুফের আর্থিক সীমাবদ্ধতার কারণে পুরুষ ফুটবলররা ম্যাচ ফি পান না। জাতীয় দলে ক্যাম্প চলাকালীন তারা মাত্র ২০–২৫ হাজার টাকা পান, যা খুবই নগণ্য।

সোমবার বিভিন্ন ফেডারেশনের সঙ্গে বৈঠকে আমিনুল হক খেলোয়াড়দের বেতনের আওতায় আনার বিষয়ে আলোচনা করেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সঙ্গে বিশেষ বৈঠকেও তিনি একই অবস্থান পুনর্ব্যক্ত করেন।

বৈঠক শেষে তিনি বলেন, ‘মেয়েদের ফুটবলাররা যেভাবে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করছে তা প্রশংসনীয়। পুরুষ ফুটবলরদেরও প্রণোদনার আওতায় আনা হবে। উভয় দলের ফুটবলারদের মাসিক ভিত্তিতে সরকারি চুক্তির আওতায় এনে একটি স্থায়ী বেতন কাঠামোর মধ্যে অন্তর্ভুক্ত করা হবে।’

নারী ফুটবলররা ইতোমধ্যেই বাফুফের মাসিক বেতনের আওতায় রয়েছেন। তবে মাঝে মাঝে বেতন বিতরণ অনিয়মিত হওয়ায় নেতিবাচক শিরোনাম তৈরি হয়। সরকারের উদ্যোগে এবার ঋতুপর্ণা ও হামজাসহ আরও নারী ফুটবলরদের বেতনের আওতায় আনা হবে।

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ফুটবলের অবকাঠামো সংকট দূর করতে পাশে দাঁড়িয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, ফিফার অনুদানের আওতায় বাফুফে কমলাপুর, সিলেট ও চট্টগ্রাম স্টেডিয়াম ব্যবহার করার জন্য সরকারের কাছ থেকে চুক্তি করেছে। শিগগিরই আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হবে।

আমিনুল হক জানিয়েছেন, বয়সভিত্তিক ফুটবল টুর্নামেন্ট চালানোর জন্য একটি বাৎসরিক ক্যালেন্ডার তৈরি করা হবে। তিনি বলেন, ‘আমরা চাই জেলা পর্যায়ে লিগগুলো স্থায়ীভাবে চালু হোক। ইতিমধ্যে আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে, সেটি আমরা স্থায়ীভাবে প্রত্যেক জেলায় চালাতে চাই।’

জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) বৈঠকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব উল আলমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। বুধবার তিনি বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনায় বসবেন।

খেলাধুলা সব খবর