Cvoice24.com

যৌন হয়রানি, সেই মঞ্জুরুলকে নিষিদ্ধ করলো বিসিবি

ক্রীড়া ডেস্ক, সিভয়েস২৪
১৯:০৩, ২২ ফেব্রুয়ারি ২০২৬
যৌন হয়রানি, সেই মঞ্জুরুলকে নিষিদ্ধ করলো বিসিবি

নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের করা যৌন হয়রানির অভিযোগের প্রেক্ষিতে নারী ক্রিকেট দলের সাবেক ম্যানেজার ও নির্বাচক মঞ্জুরুল ইসলামকে দেশের ক্রিকেটের সব ধরনের দায়িত্ব থেকে নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভবিষ্যতে তাকে বোর্ডের কোনো দায়িত্বে দেখা যাবে না বলে বিসিবির এক পরিচালক নিশ্চিত করেছেন।

গত ৪ ফেব্রুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, জাহানারার তোলা চারটি অভিযোগের মধ্যে দুটির প্রাথমিক সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। এই দুটি অভিযোগই মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে। তদন্ত প্রতিবেদনে বলা হয়, তার কিছু কর্মকাণ্ড সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী ‘অসদাচরণ’ ও ‘হয়রানি’র পর্যায়ে পড়ে।

তবে তদন্ত প্রক্রিয়া ও ফলাফল প্রকাশ নিয়ে অসন্তোষ জানিয়েছেন জাহানারা আলম। তার আইনজীবীরা অভিযোগ করেন, অভিযোগকারী হিসেবে তদন্তের ফলাফল জানার পূর্ণ অধিকার থাকলেও বিসিবি আনুষ্ঠানিকভাবে তাকে কিছু জানায়নি এবং প্রতিবেদনের কপিও সরবরাহ করা হয়নি। এছাড়া কোন দুটি অভিযোগ প্রমাণিত হয়েছে এবং সেগুলোর পক্ষে কী তথ্য-প্রমাণ রয়েছে—তা প্রতিবেদনে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি বলেও দাবি করা হয়।

বিসিবি জানিয়েছে, অনুসন্ধান কমিটি তাদের নিজস্ব উদ্যোগে গঠন করা হয়েছিল। তবে জাহানারা আলমের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, কমিটি মূলত তার করা আনুষ্ঠানিক যৌন হয়রানির অভিযোগ তদন্তের জন্যই গঠিত হয়েছিল।

ঘটনাটি দেশের নারী ক্রিকেট অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। বিসিবির এই সিদ্ধান্তকে অনেকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখলেও তদন্ত প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।

খেলাধুলা সব খবর