চন্দনাইশে ফুটসাল টুর্নামেন্টে প্রিন্স এফসি চ্যাম্পিয়ন
চন্দনাইশ প্রতিনিধি, সিভয়েস২৪
চট্টগ্রামের চন্দনাইশে মরহুম ছৈয়দ আহমদ চৌধুরী স্মৃতি সংসদ আয়োজিত অলিম্পিক ফুটসাল টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাতে চন্দনাইশ পৌরসভার ৮নং ওয়ার্ডের দক্ষিণ গাছবাড়িয়া হরিনার পাড়া স্টেডিয়ামে এ টুর্নামেন্ট সম্পন্ন হয়
ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন লায়ন রফিকুল ইসলাম। উদ্বোধক ছিলেন চন্দনাইশ পৌরসভা গণতান্ত্রিক যুবদলের সভাপতি মো. মহিউদ্দিন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয়তাবাদী যুবদলের সহ-সভাপতি মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং মাস্টার আবদুল মান্নান ও মোহাম্মদ মাসুদ পারভেজের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক মোহাম্মদ শামসুল আলম, ব্যবসায়ী আবু তাহের, মোহাম্মদ জাফর, মো. সাঁচি মিয়া, প্রবাসী মঈন উদ্দিন, রাজনীতিবিদ মোহাম্মদ নাজিম উদ্দীন, ব্যবসায়ী মোহাম্মদ হাসান উল্লাহ, চন্দনাইশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল আলম প্রমুখ।
খেলায় প্রিন্স এফসি ফুটবল একাদশ ৩–১ গোলে সাহিত্যিক পাড়া ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, এলাকার যুব সমাজকে খেলাধুলায় উৎসাহিত করা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এই ধরনের টুর্নামেন্ট ভবিষ্যতেও আয়োজন করা হবে। অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
খেলাধুলা সব খবর















