ব্যাটারদের ব্যর্থতায় ভারতের কাছে শিরোপা খোয়ালো বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক, সিভয়েস২৪
রাইজিং স্টার্স নারী এশিয়া কাপের ফাইনালে ভারত ‘এ’ দলের কাছে হেরে শিরোপা হাতছাড়া করেছে বাংলাদেশ ‘এ’ দল। রবিবার (২২ ফেব্রুয়ারি) ব্যাংককের টার্ডথাই ক্রিকেট গ্রাউন্ডেএ ১৩৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪৬ রানে হারে টাইগ্রেসরা।
ভারতের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল দেশের মেয়েরা। এক উইকেটে ৩৭ রান তুলে আশা জাগালেও ১১ রানের ব্যবধানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। ৪৮ রানে চতুর্থ উইকেট পতনের পর আর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৯.১ ওভারে ৮৮ রানে অলআউট হয় তারা। শেষ পাঁচ উইকেট পড়ে মাত্র ১৫ রানের ব্যবধানে।
দলের হয়ে শামিমা সুলতানা ২০, শারমিন সুলতানা ১৮, ফাহিমা খাতুন ১৪ ও সাদিয়া আক্তার ১০ রান করেন। ভারতের প্রেমা রাওয়াত নেন তিন উইকেট। ম্যাচসেরা নির্বাচিত হন তেজাল হাসাবনিস।
এর আগে টস জিতে ব্যাট করতে নামে নেমে বাংলাদেশ অধিনায়ক ফাহিমা খাতুনের ঘূর্ণিতে ৩০ রানের মধ্যে দ্রুত চার উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত।
তবে পঞ্চম উইকেটে তেজাল হাসাবনিস ও অধিনায়ক রাধা যাদব ৬৯ রানের জুটি গড়ে ইনিংস মেরামত করেন। রাধা ৩০ বলে ৩৬ রান করে ফিরলেও শেষ পর্যন্ত অপরাজিত থাকেন হাসাবনিস। তিনটি চার ও দুটি ছক্কায় ৩৪ বলে ৫১ রান করে দলকে ২০ ওভারে ৭ উইকেটে ১৩৪ রানের লড়াকু সংগ্রহ এনে দেন তিনি।
চার ওভারে ২৫ রান দিয়ে চার উইকেট নেন ফাহিমা। একটি করে উইকেট পান ফারজানা ইয়াসমিন ও ফাতেমা জাহান।
গ্রুপ পর্বে শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও মালয়েশিয়াকে হারিয়ে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। সেমিফাইনালে পাকিস্তানকে ৫৪ রানে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিল তারা।
খেলাধুলা সব খবর















