Cvoice24.com

 র‌্যাংকিংয়ে বড় লাফ শারমিন-দিলারা-স্বর্ণার

ক্রীড়া ডেস্ক, সিভয়েস২৪
২১:২৭, ২৭ জানুয়ারি ২০২৬
 র‌্যাংকিংয়ে বড় লাফ শারমিন-দিলারা-স্বর্ণার

আইসিসি নারী টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে উল্লেখযোগ্য উন্নতি করেছেন বাংলাদেশের একাধিক ক্রিকেটার। ব্যাটারদের তালিকায় বড় লাফ দিয়েছেন শারমিন আক্তার, দিলারা আক্তার ও স্বর্ণা আক্তার। পাশাপাশি বোলারদের র‌্যাংকিংয়েও উন্নতি হয়েছে বাংলাদেশের তিন স্পিনার রাবেয়া খান, ফাহিমা খাতুন ও সানজিদা আক্তার মেঘলার।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নারী ক্রিকেটারদের সাপ্তাহিক হালনাগাদ র‌্যাংকিং প্রকাশ করে।

তাতে দেখা যায়, চলমান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বে আয়ারল্যান্ডের বিপক্ষে ৪৫ বলে ৫২ রানের ইনিংস খেলে ব্যাটারদের র‌্যাংকিংয়ে ২২ ধাপ এগিয়ে ৩৫তম স্থানে উঠে এসেছেন শারমিন আক্তার। ৪৯৯ রেটিং পয়েন্ট নিয়ে এটি তার ক্যারিয়ার সেরা অবস্থান। এর আগে তার সর্বোচ্চ অবস্থান ছিল ৫৬তম। 

বিশ্বকাপ বাছাই পর্বে নামিবিয়ার বিপক্ষে ২৫ রান ও আয়ারল্যান্ডের বিপক্ষে ৩৫ রান করা দিলারা আক্তার ৩৩ ধাপ এগিয়ে ৩৭৬ রেটিং নিয়ে যৌথভাবে ৭০তম স্থানে উঠে এসেছেন।

গেল সপ্তাহে তিন ইনিংসে ৬১ রান করা স্বর্ণা আক্তার ১৭ ধাপ উন্নতি করে ৮৩তম স্থানে অবস্থান করছেন। এছাড়া সর্বশেষ দুই ম্যাচে ২৭ ও ৩০ রান করে ১১ ধাপ এগিয়ে ৫২তম স্থানে উঠে এসেছেন সোবহানা মোস্তারি।

বোলারদের র‌্যাংকিংয়ে বাংলাদেশের পক্ষে এক ধাপ এগিয়ে ১৪তম স্থানে উঠেছেন রাবেয়া খান। নামিবিয়ার বিপক্ষে ৫ রানে ৩ উইকেট ও আয়ারল্যান্ডের বিপক্ষে ১ উইকেট শিকার করেন তিনি। বর্তমানে তিনিই বাংলাদেশের সর্বোচ্চ র‌্যাংকিংপ্রাপ্ত বোলার।

নামিবিয়ার বিপক্ষে ৩ উইকেট নেওয়া ফাহিমা খাতুন ৬ ধাপ উন্নতি করে ৩০তম স্থানে উঠে এসেছেন। অন্যদিকে পাপুয়া নিউ গিনির বিপক্ষে ১ উইকেট এবং পরের ম্যাচে ৪ উইকেট নেওয়ায় সানজিদা আক্তার মেঘলা ৬ ধাপ এগিয়ে ৫৪তম স্থানে অবস্থান করছেন।

এদিকে আইসিসি নারী টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে ব্যাটারদের তালিকায় শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার বেথ মুনি, বোলারদের তালিকায় অ্যানাবেল সাদারল্যান্ড এবং অলরাউন্ডারদের মধ্যে শীর্ষে আছেন ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস।

খেলাধুলা সব খবর