থাইল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে এক পা জ্যোতিদের
ক্রীড়া ডেস্ক, সিভয়েস২৪
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে দারুণ এক জয় পেয়েছে বাংলাদেশ। বুধবার (২৮ জানুয়ারি) নেপালের মুলাপানিতে অনুষ্ঠিত ম্যাচে থাইল্যান্ডকে ৩৯ রানে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ১২৬ রানেই আটকে যায় থাইল্যান্ড।
১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে উইকেট হারালেও মাঝের দিকে কিছুটা লড়াই করে থাইল্যান্ড। তবে নিয়মিত উইকেট পতনে ম্যাচ থেকে ছিটকে যায় তারা। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন নাথাকান চান্থাম। নারুয়েমোল চাইহাই করেন ৩০ এবং নান্নাপাত কোনছারোয়েনকাই যোগ করেন ২৯ রান। অন্য কোনো ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।
বাংলাদেশের বোলারদের মধ্যে মারুফা ইসলাম সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন। দুটি করে উইকেট নেন রিতুমনি ও স্বর্ণা আক্তার। একটি উইকেট পান ফাহিমা খাতুন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম বলেই গোল্ডেন ডাক খেয়ে সাজঘরে ফেরেন ওপেনার দিলারা আক্তার। অন্য ওপেনার শারমিন আক্তারও ৯ বলে ১১ রান করে বিদায় নেন। তবে তৃতীয় উইকেটে জুয়াইরিয়া ফেরদৌস ও শবানা মোস্তারির দৃঢ় জুটিতে ঘুরে দাঁড়ায় দল। এই জুটি গড়ে ১১০ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ, যা বড় স্কোরের ভিত গড়ে দেয়।
দুই ব্যাটারই ফিফটির দেখা পান। জুয়াইরিয়া ফেরদৌস ৪৩ বলে তিনটি চার ও চারটি ছক্কায় করেন ৫৬ রান। শবানা মোস্তারি ৪২ বলে নয়টি চার ও একটি ছক্কায় করেন ৫৯ রান। শেষ দিকে রিতুমনি ৬ বলে ১৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন। এছাড়া স্বর্ণা আক্তার করেন ৪, অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৬, রাবেয়া খান ৫ এবং ফাহিমা খাতুন ১ রান যোগ করেন।
এই জয়ের ফলে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে এক পা দিয়ে রেখেছে নিগার সুলতানা জ্যোতির দল। শেষ দুই ম্যাচের একটিতে জয় পেলেই সরাসরি বিশ্বকাপ নিশ্চিত হবে বাংলাদেশের মেয়েদের। এমনকি কোনো ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়ে এক পয়েন্ট পেলেও বিশ্বকাপের টিকিট পাবে লাল-সবুজের প্রতিনিধিরা।
খেলাধুলা সব খবর















