Cvoice24.com

বিশ্বকাপ বাছাই, টানা ছয় জয়ে অপ্রতিরোধ্য জ্যোতির দল

ক্রীড়া ডেস্ক, সিভয়েস২৪
১৪:০৮, ৩০ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপ বাছাই, টানা ছয় জয়ে অপ্রতিরোধ্য জ্যোতির দল

বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত ছন্দে থাকা বাংলাদেশ নারী ক্রিকেট দল জয়ের ধারাবাহিকতা বজায় রেখেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) নেপালের কীর্তিপুরে অনুষ্ঠিত ম্যাচে তারা স্কটল্যান্ডকে ৯০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে। এই জয়ের সঙ্গে টানা ছয়টি ম্যাচে জয় অর্জন করল নিগার সুলতানা।

বাংলাদেশ টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলেছে। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯১ রানের সংগ্রহ করে। ওপেনিংয়ে দিলারা আক্তার ২৮ বলে ৩৯ রান করেন, আর জোয়াইরিয়া ফেরদৌস ২২ বলে ২২ রান করে দলের শুরুটা শক্তিশালী করেন। তিন নম্বরে নেমে শারমিন আক্তার ১০ বলে ১৫ রান করে রানআউট হন।

এরপর অধিনায়ক নিগার সুলতানা ও সোবহানা মোস্তারি ১০০ রানের জুটিতে দলের বড় স্কোর গড়েন। ঝোড়ো ব্যাটিং করেও সোবহানা আল্পের জন্য ফিফটি মিস করেন; ২৩ বলে ৭ চারে ও ২ ছক্কায় ৪৭ রান করেন। অন্যদিকে, নিগার ৩৫ বলে অপরাজিত ৫৬ রানের ইনিংস খেলেন, যেখানে ছিল ৫টি চার ও ৩টি ছক্কা।

জবাবে ব্যাট করতে নেমে স্কটল্যান্ড কখনোই ম্যাচে ফেরার সুযোগ পায়নি। বাংলাদেশের বোলারদের চাপে ৩৫ রানে ৫ উইকেট হারায় স্কটল্যান্ড, শেষ পর্যন্ত তারা ৯ উইকেটে ১০১ রান করতে সক্ষম হয়। পিপা স্প্রাউল ২৩ বলে অপরাজিত ২৭ রান করেন।

বাংলাদেশের হয়ে মারুফা আক্তার ২৫ রানে ৩টি উইকেট নেন, আর স্বর্ণা আক্তার শিকার করেন ১৩ রানে ২টি উইকেট। ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই দাপট দেখিয়ে বাংলাদেশ নারী দল বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে।

এর আগে, টানা পাঁচ জয়ে ইতিমধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ নারী দল।

খেলাধুলা সব খবর