Cvoice24.com

টি-টোয়েন্টি বিশ্বকাপ: বাংলাদেশ না থাকলেও থাকছেন আতহার আলী খান

ক্রীড়া ডেস্ক, সিভয়েস২৪
১৭:৪৭, ৬ ফেব্রুয়ারি ২০২৬
টি-টোয়েন্টি বিশ্বকাপ: বাংলাদেশ না থাকলেও থাকছেন আতহার আলী খান

ভারতের মাটিতে শনিবার (৭ ফেব্রুয়ারি) থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে না বাংলাদেশ। বাংলাদেশের পরিবর্তে শেষ মুহূর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে আইসিসি। তবে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাচ্ছেন ধারাভাষ্যকার আতহার আলী খান। তিনি আইসিসির মেগা ইভেন্টের তারকাবহুল কমেন্টেটর প্যানেলের একজন হিসেবে মাঠের উত্তাপ দর্শকদের কাছে পৌঁছে দেবেন।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) শুক্রবার (৬ ফেব্রুয়ারি)বিশ্বকাপের ধারাভাষ্যকার প্যানেল ঘোষণা করেছে। ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করছে এবারের মেগা টুর্নামেন্ট। বাংলাদেশের হয়ে প্যানেলে থাকছেন সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আতহার আলী খান।

প্যানেলে মোট ৪০ জন ধারাভাষ্যকার থাকবেন, যার নেতৃত্ব দেবেন রবি শাস্ত্রী, নাসের হুসেইন, ইয়ান স্মিথ ও ইয়ান বিশপ। তাদের সঙ্গে থাকবেন ২০২১ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক অ্যারন ফিঞ্চ, দিনেশ কার্তিক, কুমার সাঙ্গাকারা, স্যামুয়েল বদ্রি, রবিন উথাপ্পা, কার্লোস ব্র্যাথওয়েট। এছাড়া ইয়ন মরগান, ওয়াসিম আকরাম, সুনীল গাভাস্কার, ম্যাথু হেইডেন, রমিজ রাজা, ডেল স্টেইন, মাইকেল আথারটন, ওয়াকার ইউনিস ও সাইমন ডুলের মতো কিংবদন্তিরাও আছেন।

বর্তমান ক্রিকেটারদের মধ্যে টেস্ট চ্যাম্পিয়নশিপজয়ী অধিনায়ক টেম্বা বাভুমা এবং ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী শ্রীলঙ্কার অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউসও ধারাভাষ্য দেবেন।

আইসিসি জানিয়েছে, টুর্নামেন্টজুড়ে মোট ৫৫টি ম্যাচে এই ধারাভাষ্যকারদের ব্যবহার করা হবে। আইসিসি ডট টিভির সম্প্রচারে থাকবে প্রাক-ম্যাচ অনুষ্ঠান, ইনিংস বিরতির বিশ্লেষণ, ম্যাচ শেষে আলোচনা ও দৈনিক হাইলাইট শো। নকআউট পর্ব থেকে ৮ মার্চের ফাইনাল পর্যন্ত পুরো টুর্নামেন্টের উত্তাপ দর্শকরা ধারাভাষ্যের মাধ্যমে পাবেন।

বিশ্বকাপের ধারাভাষ্যকারদের একনজরে তালিকা: 
আতহার আলী খান, রবি শাস্ত্রী, নাসের হুসেইন, ইয়ান স্মিথ, ইয়ান বিশপ, অ্যারন ফিঞ্চ, দিনেশ কার্তিক, কুমার সাঙ্গাকারা, স্যামুয়েল বদ্রি, রবিন উথাপ্পা, কার্লোস ব্র্যাথওয়েট, ইয়ন মরগান, ওয়াসিম আকরাম, সুনীল গাভাস্কার, ম্যাথু হেইডেন, রমিজ রাজা, ডেল স্টেইন, মাইকেল আথারটন, ওয়াকার ইউনিস, সাইমন ডুল, শন পোলক, কেটি মার্টিন, হার্শা ভোগলে, এমপুমেলেলো এমবাংওয়া, নাটালি জার্মানোস, ড্যানি মরিসন, অ্যালান উইলকিন্স, ইয়ান ওয়ার্ড, মার্ক হাওয়ার্ড, নিক নাইট, কাস নাইডু, বাজিদ খান, রৌনক কাপুর, নিয়াল ও'ব্রায়েন, প্রেস্টন মমসেন, অ্যান্ড্রু লিওনার্ড, রাসেল আর্নল্ড, রোশান আবেসিংহে, অ্যাঞ্জেলো ম্যাথিউস এবং টেম্বা বাভুমা।

খেলাধুলা সব খবর