Cvoice24.com

ইয়ামালকে ‘রুমে বন্দি’ রাখতে চান স্কালোনি

ক্রীড়া ডেস্ক, সিভয়েস২৪
১২:০৮, ১৮ জুলাই ২০২৬
ইয়ামালকে ‘রুমে বন্দি’ রাখতে চান স্কালোনি

স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামালকে ঘিরেই এখন বিশ্বকাপ ফাইনালের সবচেয়ে বড় আলোচনা। আর্জেন্টিনার বিপক্ষে তিনি যে অন্যতম বড় হুমকি হয়ে উঠবেন, তা ভালোভাবেই জানেন আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনি। তাই ম্যাচের আগে রসিকতা স্কালোনি বলেছেন, ইয়ামালকে থামানোর সবচেয়ে ভালো উপায় হলো তাকে ‘রুমে বন্দি’ করে রাখা।

পুরো টুর্নামেন্টজুড়ে ম্যাচের পর ম্যাচ নিজের প্রভাব বাড়িয়েছেন বার্সেলোনার বিস্ময়বালক লামিনে ইয়ামাল। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে কিছুদিন মাঠের বাইরে থাকার পর বিশ্বকাপে ফিরলেও শুরুতে পুরোপুরি ছন্দে ছিলেন না। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তিনি যেন নিজের সেরা রূপে ফিরেছেন।

সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে ইয়ামালের দুরন্ত গতি ও চমৎকার মুভমেন্ট থেকেই পেনাল্টি আদায় করে নেয় স্পেন। সেই সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় দলটি। পুরো ম্যাচেই তার ক্ষুরধার পারফরম্যান্স ছিল স্পেনের আক্রমণের অন্যতম প্রধান শক্তি।

ফাইনালে তাকে কীভাবে থামানো হবে— এমন প্রশ্নের জবাবে রসিকতা করে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি বলেন, ‘ইয়ামালকে কীভাবে থামানো যাবে? আমরা যদি তাকে তার রুমে আটকে রাখতে পারতাম।’

এরপর ১৯ বছর বয়সী এই তারকার ভূয়সী প্রশংসা করেন আর্জেন্টিনা কোচ। তিনি বলেন, ‘সে দুর্দান্ত খেলোয়াড়। ফুটবলের জন্য সে অমূল্য সম্পদ। সে এখনো অনেক ছোট, আমাদের ফুটবলকে অনেক কিছু দেওয়ার আছে তার।’