এক গোল হজম করেই বিশ্বচ্যাম্পিয়ন, একাধিক বিশ্বরেকর্ড লা রোহাদের
ক্রীড়া ডেস্ক, সিভয়েস২৪
আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের রাতেই একাধিক বিশ্বরেকর্ড গড়েছে স্পেন। নিউ জার্সিতে অনুষ্ঠিত ফাইনালে ১–০ গোলের জয়ের মাধ্যমে শুধু শিরোপাই নয়, বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে দুর্ভেদ্য চ্যাম্পিয়ন দল হিসেবেও নিজেদের প্রতিষ্ঠিত করেছে লা রোহা।
পুরো টুর্নামেন্টে আটটি ম্যাচ খেলেছে স্পেন। এই আট ম্যাচে তারা হজম করেছে মাত্র একটি গোল। বিশ্বকাপ ইতিহাসে কোনো চ্যাম্পিয়ন দলের জন্য এটি সর্বনিম্ন গোল হজম করে শিরোপা জয়ের নতুন রেকর্ড।
এর আগে বিশ্বকাপজয়ী কোনো দল সর্বনিম্ন দুটি গোল হজম করে শিরোপা জিতেছিল। ১৯৯৮ সালে ফ্রান্স, ২০০৬ সালে ইতালি এবং ২০১০ সালে স্পেন—এই তিন দল সেই রেকর্ডের যৌথ মালিক ছিল।
তবে ২০২৬ বিশ্বকাপে নকআউট পর্বে একটি অতিরিক্ত ম্যাচ খেলেও স্পেন পুরো আসরে মাত্র একবারই গোল হজম করেছে। কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের চার্লস ডি কেটেলারে একমাত্র ফুটবলার হিসেবে স্পেনের জালে বল জড়াতে সক্ষম হন।
ফাইনালে আর্জেন্টিনাকে হারানোর মধ্য দিয়ে আরেকটি বিশ্বরেকর্ডও গড়েছে লা রোহা। আন্তর্জাতিক ফুটবলে টানা ৩৮ ম্যাচ অপরাজিত থেকে ইতালির ৩৭ ম্যাচের রেকর্ড ভেঙে দিয়েছে তারা।
এর আগে, ২০১৮ থেকে ২০২১ সালের মধ্যে টানা ৩৭ আন্তর্জাতিক ম্যাচে অপরাজিত থেকে রেকর্ড গড়েছিল ইতালি। সেই সময় ইউরো ২০২০ শিরোপাও জিতেছিল আজ্জুরিরা। এবারের বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে ইতালির রেকর্ড স্পর্শ করে স্পেন। এরপর ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে ৩৮তম অপরাজিত ম্যাচের মাধ্যমে এককভাবে রেকর্ডের মালিক হয় দলটি।
এবারের বিশ্বকাপে সাতটি ক্লিন শিটও রেখেছে স্পেন। পুরো আসরে মাত্র একটি গোল হজম করে বিশ্বকাপ জেতা প্রথম দল হিসেবে নতুন ইতিহাস গড়েছে তারা।
স্পেনের দীর্ঘ অপরাজিত থাকার ইতিহাস অবশ্য নতুন নয়। ২০০৭ থেকে ২০০৯ সালের মধ্যে টানা ৩৫ ম্যাচ অপরাজিত ছিল দলটি। ওই সময় তারা ইউরো ২০০৮ শিরোপা জিতেছিল।
স্পেনের বর্তমান অপরাজিত যাত্রা শুরু হয় ২০২৪ সালে কলম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে হারের পর। এরপর থেকে ৯০ মিনিট কিংবা অতিরিক্ত সময়ে কোনো ম্যাচে হারেনি তারা। যদিও উয়েফা নেশন্স লিগের ফাইনালে পর্তুগালের কাছে টাইব্রেকারে পরাজিত হয়েছিল স্পেন। তবে আনুষ্ঠানিক পরিসংখ্যানে টাইব্রেকারের ফল ড্র হিসেবে গণ্য হওয়ায় অপরাজিত থাকার ধারাবাহিকতা অক্ষুণ্ন রয়েছে।
এই ৩৮ ম্যাচের অপরাজিত অভিযানে রয়েছে ইউরো ২০২৪ শিরোপা জয় এবং সর্বশেষ ২০২৬ বিশ্বকাপ জয়ের গৌরবময় অধ্যায়। স্পেনের এই সাফল্য আন্তর্জাতিক ফুটবলে তাদের আধিপত্যের নতুন এক মাইলফলক হয়ে থাকল।
খেলাধুলা সব খবর















