Cvoice24.com

চট্টগ্রামে ১২ বিশ্ববিদ্যালয়ের ৩৬ দল নিয়ে শুরু দৃষ্টি ব্রেনস্টর্মিং বিজনেস আইডিয়া কনটেস্ট

সিভয়েস২৪ ডেস্ক
১৬:৫৮, ৪ জুলাই ২০২৬
চট্টগ্রামে ১২ বিশ্ববিদ্যালয়ের ৩৬ দল নিয়ে শুরু দৃষ্টি ব্রেনস্টর্মিং বিজনেস আইডিয়া কনটেস্ট

চট্টগ্রামে ১২টি বিশ্ববিদ্যালয়ের ৩৬টি দলের অংশগ্রহণে শুরু হয়েছে ১৪তম ‘আমা কফি দৃষ্টি ব্রেনস্টর্মিং বিজনেস আইডিয়া কনটেস্ট’। শুক্রবার চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতার যাত্রা শুরু হয়। আগামী ১৮ জুলাই পর্যন্ত চলবে এ আয়োজন।

আয়োজক দৃষ্টি চট্টগ্রাম জানায়, এবারের প্রতিযোগিতার টাইটেল স্পন্সর ‘আমা অথেনটিক ব্রাজিলিয়ান কফি’। ভেন্যু পার্টনার সিআইইউ এবং অ্যাসোসিয়েট পার্টনার জি. আর. মেটাল।

উদ্বোধনী অনুষ্ঠানে দৃষ্টি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা মাসুদ বকুল বলেন, সংগঠনটি দীর্ঘদিন ধরে তরুণদের উদ্ভাবনী চিন্তা ও নেতৃত্ব বিকাশে কাজ করছে। এবারের প্রতিযোগিতায় চট্টগ্রামের ১২টি বিশ্ববিদ্যালয়ের ৩৬টি দল অংশ নিচ্ছে।

অনুষ্ঠানে বক্তব্য দেন সালমা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ইসরাফিল খসরু, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি এস এম আবু তৈয়ব এবং সিআইইউর উপাচার্য অধ্যাপক ড. নুরুল আবছার। বক্তারা বলেন, উদ্ভাবনী চিন্তা, ধৈর্য ও বাস্তবভিত্তিক অভিজ্ঞতা একজন উদ্যোক্তার সাফল্যের গুরুত্বপূর্ণ উপাদান।

উদ্বোধনের পর অংশগ্রহণকারী দলগুলোর জন্য একটি কর্মশালার আয়োজন করা হয়। এতে ব্যবসায়িক ধারণা উন্নয়ন, বাজার বিশ্লেষণ, টেকসই ব্যবসা, আর্থিক পরিকল্পনা, বিপণন ও ব্র্যান্ডিং বিষয়ে প্রশিক্ষণ দেন বিভিন্ন প্রতিষ্ঠানের অভিজ্ঞ প্রশিক্ষকেরা। কর্মশালার শেষে প্রতিযোগিতার বিষয় ঘোষণা এবং দল নির্বাচন সম্পন্ন হয়।