ঝুপড়ি’র নতুন সভাপতি তানিয়া কালাম, সাধারণ সম্পাদক এরশাদ করিম
সিভয়েস২৪ ডেস্ক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩৫তম ব্যাচের শিক্ষার্থীদের সংগঠন ‘ঝুপড়ি’ নির্বাচনের মাধ্যমে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। ২৬ জুন চট্টগ্রামের ষোলশহরে সংগঠনের কার্যালয়ে অনলাইন ভোটগ্রহণের পর বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত অফলাইন ভোট অনুষ্ঠিত হয়। সদস্যদের প্রত্যক্ষ ভোটে তানিয়া কালাম (অর্থনীতি বিভাগ) সভাপতি এবং মোহাম্মদ এরশাদ করিম (দর্শন বিভাগ) সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এছাড়া কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন রাজীব বিশ্বাস, অনিক বড়ুয়া, মো. ইদ্রিস, সাকিয়া সুলতানা, বেলায়েত হোসেন, মো. সাইফুল আজম, মহুয়া মহাজন, মো. আলমগীর খান, মো. এনামুল হক, মো. ইসমাইল ও জয়ীতা মজুমদার। নবনির্বাচিত এই কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন তাজদার আলম, গোলাম রাব্বানী, ফারহানা কবির, হাসান উদ্দিন ও মোহাম্মদ ইলিয়াস। ভোটগ্রহণ শেষে এক ঘণ্টার মধ্যেই ফলাফল ঘোষণা করা হয় এবং সংগঠনের সদস্যরা নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। অনুভূতি প্রকাশ করে সভাপতি তানিয়া কালাম বলেন, ‘আমাদের ক্যাম্পাস যেমন আমাদের প্রাণ, তেমনি ঝুপড়িও হবে আমাদের প্রাণের ঝুপড়ি।’ তিনি সংগঠনের সদস্যদের ঐক্যবদ্ধ থেকে আরও ভালো কাজ করার আহ্বান জানান। সাধারণ সম্পাদক এরশাদ করিম বলেন, তিনি এই দায়িত্বকে কোনো পদ বা ক্ষমতার জায়গা থেকে নয়, বরং বন্ধু, ব্যাচ ও প্রজন্মের মধ্যে সংযোগ তৈরির একটি সেতু হিসেবে দেখেন। তিনি চান, ঝুপড়ির প্রতিটি সদস্য নিজেকে এই পরিবারের অবিচ্ছেদ্য অংশ মনে করুক এবং সংগঠনের প্রতিটি কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করুক।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩৫তম ব্যাচের শিক্ষার্থীদের আত্মিক বন্ধন, পারস্পরিক সহযোগিতা ও আজীবন সম্পর্ককে আরও সুদৃঢ় করার লক্ষ্যে গড়ে ওঠা ‘ঝুপড়ি’ ইতোমধ্যে পুনর্মিলনী, সামাজিক উদ্যোগ, অসহায় সদস্যদের সহায়তা, সাংস্কৃতিক আয়োজন এবং পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে একটি প্রাণবন্ত কমিউনিটি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। ভবিষ্যতেও মানবিক, সামাজিক ও কল্যাণমূলক কর্মকাণ্ড আরও বড় পরিসরে পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করেছেন সংগঠনটির সদস্যরা।
ক্যাম্পাস সব খবর















