Cvoice24.com

তারেক রহমানের মন্ত্রিসভায় মঈন খান, মিলন ও নূরের ডাক

সিভয়েস২৪ ডেস্ক
১২:১২, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
তারেক রহমানের মন্ত্রিসভায় মঈন খান, মিলন ও নূরের ডাক

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত হতে যাওয়া নতুন মন্ত্রিসভায় ডাক পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাঁদের মন্ত্রী হিসেবে শপথ নিতে প্রস্তুত থাকার জন্য ফোন করা হয় বলে দলীয় সূত্রে জানা গেছে। 

সকালে সংসদ সচিবালয় থেকে ড. আব্দুল মঈন খানকে ফোন করে শপথের প্রস্তুতি নিতে বলা হয়। তবে তিনি কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন, তা এখনও নিশ্চিত হয়নি। ২০০১–২০০৬ সালে বিএনপি সরকারের তথ্যমন্ত্রী ছিলেন তিনি।

অন্যদিকে আ ন ম এহসানুল হক মিলনের একান্ত সচিব এম এ ফয়েজ জানান, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি ফোন করে তাঁকে মন্ত্রিসভার সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার বিষয়টি জানান। সে সময় মিলন শপথ অনুষ্ঠানে থাকায় তাঁর সচিব কলটি গ্রহণ করেন।

পটুয়াখালী–৩ (গলাচিপা–দশমিনা) আসনের সংসদ সদস্য নুরুল হক নূর নিজেও গণমাধ্যমকে জানান, নতুন মন্ত্রিসভায় তাঁকে অন্তর্ভুক্ত করার জন্য ফোন করা হয়েছে। তিনি এজন্য তারেক রহমান ও বিএনপিকে ধন্যবাদ জানান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে নতুন সরকার গঠনের প্রস্তুতির অংশ হিসেবে সম্ভাব্য মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।