Cvoice24.com

জেসিআই সারাদেশে তারুণ্যের চেম্বার হিসেবে কাজ করবে: এলিট

সিভয়েস প্রতিবেদক
২৩:২২, ১১ ফেব্রুয়ারি ২০২২
জেসিআই সারাদেশে তারুণ্যের চেম্বার হিসেবে কাজ করবে: এলিট

চট্টগ্রাম জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালকে (জেসিআই) স্কুল অব ক্রিয়েটিং লিডারশীপ উল্লেখ করে জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট নিয়াজ মোর্শেদ এলিট বলেছেন, আমরা তরুণদের জন্য একটি সংগঠন তৈরি করে দেখিয়েছি। আমাদের এখন ২৮টি লোকাল অর্গানাইজেশন আছে। আমি আশা করছি জেসিআই তারুণ্যের চেম্বার হিসেবে কাজ করবে।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লু’র হলে আয়োজিত চেইন হ্যান্ডওভার সিরিমনি অনুষ্ঠানে কি নোট স্পিকার হিসেবে রাখা ব্যক্তবে এলিট এসব কথা বলেন।

নিয়াজ মোর্শেদ এলিট বলেন, সফলতা অর্জনের চেয়ে ধরে রাখা কঠিন। তারুণ্যের শক্তি আমাদের কাজে লাগাতে হবে। তরুণ জনগোষ্ঠীকে আমরা যদি তরুণ উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে না পারি তাহলে দেশ গড়তে প্রধানমন্ত্রীর যে পরিকল্পনা আছে তা বাধাপ্রাপ্ত হবে। কাজেই তারুণ্যের শক্তি কাজে লাগিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম বলেন, একটা কথা আমি সব সময় বলি ‘থিংক বিগ’। সব সময় বড় কিছু চিন্তা করতে হবে। কীভাবে লিডার হয়, উদ্যোক্তা হয় এসব শিখতে হবে। পরবর্তী প্রজন্মকে দক্ষ হতে হবে। ইলেকট্রিকাল, মেকানিক্যাল বিষয়ে জানতে হবে। শুধু বিবিএ বা এমবিএ পাস করলেই চলবে না। নলেজ বেইজড ইকোনমির জন্য আমাদেরও প্রস্তুতি নিতে হবে। এখন থেকেই এ বিষয়ে ভাবতে হবে। তরুণরা এগিয়ে যাবে, দেশকে পাল্টে দিবে সে কামনা করছি।

বক্তব্য রাখছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ শাহজাহান।

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ শাহজাহান বলেন, এখন সময় তরুণদের। তাদেরকেই দায়িত্ব নিতে হবে। জেসিআইয়ের নতুন যারা নির্বাচিত হয়েছে তাদেরকে অভিনন্দন জানাই। আশা করছি নতুন পরিষদ ভাল ভাল কাজের মধ্য দিয়ে তরুণ সমাজকে এগিয়ে নিয়ে যাবে।

বিশেষ অতিথির বক্তব্যে মহিলা সংরক্ষিত আসন-৬ এর সাংসদ খাদিজাতুল আনোয়ার সনি বলেন, জেসিআইয়ের নতুন কমিটিকে অভিনন্দন জানাচ্ছি। প্রধানমন্ত্রীর কারণে বাংলাদেশ একটি সমৃদ্ধশালী দেশে পরিণত হয়েছে। এখন সময় তরুণদের। ছোট ছোট ব্যবসা শুরু করার মধ্য দিয়ে আমরা এগিয়ে যেতে পারি।

চেইন হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সাংসদ মোসলেম উদ্দীন আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট মাহবুবুল আলম এবং সঙ্গীত শিল্পী পার্থ বড়ুয়া।

এছাড়া আরও উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশের ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট সাইফ উদ্দৌল্লাহ, জেসিআইয়ের বিগত কমিটির নেতৃবৃন্দ এবং নগরের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এই আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে সিভয়েস২৪ডটকম।

অনুষ্ঠানে আসতে না পারার জন্য দুঃখ প্রকাশ করে ভিডিও বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, অনুষ্ঠানে যারা নতুন করে দায়িত্ব নেবেন তাদের প্রতি শুভেচ্ছা। জুনিয়র চেম্বার এর আগেও আমাকে একটি স্বীকৃতি দিয়েছিল। এজন্য আমি কৃতজ্ঞ। দেশকে এগিয়ে নিতে তরুণ প্রজন্মের উপর আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেকটাই নির্ভর করেন। আমাদের তরুণরা বা ভবিষ্যত প্রজন্ম যারা আসবে তাদেরকে লক্ষ্য করে জেসিআই কাজ করবে এমনটাই প্রত্যাশা রাখি। তবে নানা বিষয়ে দক্ষতার কোন বিকল্প নেই। তাই আবদ্ধ মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। শুধু জ্ঞান নিলে হবে না, দক্ষতাও অর্জন করতে হবে। জেসিআইকে বলব মাল্টি স্কিল এর বিষয়ে জোর দিয়ে আপনারা কাজ করবেন।