Cvoice24.com

নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান আর নেই

বিনোদন ডেস্ক
১১:২০, ১২ মে ২০২৬
নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান আর নেই

দেশের বরেণ্য নাট্যব্যক্তিত্ব, অভিনেতা, নাট্যকার ও মঞ্চনির্দেশক আতাউর রহমান মারা গেছেন। সোমবার (১১ মে) দিবাগত রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনেতা রওনক হাসান।

তিনি বলেন, ‘স্বাধীনতা পদকপ্রাপ্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব, মঞ্চসারথি আতাউর রহমান না ফেরার দেশে চলে গেলেন। আমরা তার আত্মার শান্তি কামনা করছি।’

পরিবার ও ঘনিষ্ঠ সূত্র জানায়, গত শুক্রবার বাসায় পড়ে যাওয়ার পর আতাউর রহমানের শারীরিক অবস্থার অবনতি ঘটে। প্রথমে তাকে গুলশানের একটি হাসপাতালে নেওয়া হলেও সেখানে আইসিইউ সুবিধা না থাকায় পরে ধানমন্ডির আরেকটি হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে ভর্তির পর তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল। পরে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তা খুলে দেওয়া হয়। তবে আবার অবস্থার অবনতি হলে রবিবার(১০ মে) পুনরায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

১৯৪১ সালের ১৮ জুন নোয়াখালীতে জন্মগ্রহণ করেন আতাউর রহমান। বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে তিনি ছিলেন বহুমাত্রিক এক ব্যক্তিত্ব। নাট্যকার, অভিনেতা, মঞ্চনির্দেশক ও সংগঠক হিসেবে দীর্ঘ কয়েক দশক ধরে তিনি নাট্যচর্চা ও সাংস্কৃতিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

বিশেষ করে স্বাধীনতাযুদ্ধ-পরবর্তী বাংলাদেশের মঞ্চনাট্য আন্দোলনের অন্যতম অগ্রদূত হিসেবে তাকে বিবেচনা করা হয়। সংস্কৃতি ও নাট্যাঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি একুশে পদক ও স্বাধীনতা পদকে ভূষিত হন।