Cvoice24.com

বিশ্ব বাজারে আরও কমলো তেলের দাম 

আন্তর্জাতিক ডেস্ক
১০:৩১, ২৪ জুন ২০২৬
বিশ্ব বাজারে আরও কমলো তেলের দাম 

মধ্যপ্রাচ্যের কৌশলগত জলপথ হরমুজ প্রণালিতে অপরিশোধিত তেলবাহী ট্যাংকার চলাচল স্বাভাবিক হতে শুরু করায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমেছে। ইরান-যুক্তরাষ্ট্রের উত্তেজনা প্রশমনের ইঙ্গিত, সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা এবং ভূরাজনৈতিক ঝুঁকি কমে আসায় চার মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানের কাছাকাছি নেমে এসেছে ব্রেন্ট ও ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম।

ইরান-ইসরায়েল সংঘাত শুরুর পর থেকে পারস্য উপসাগরে আটকে থাকা বহু তেলবাহী জাহাজ হরমুজ প্রণালি দিয়ে আবারও গন্তব্যে যাত্রা শুরু করেছে। এতে বৈশ্বিক বাজারে তেলের সরবরাহ নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা অনেকটাই কমে এসেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

বাজারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বুধবার (২৪ জুন) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩৭ সেন্ট বা ০.৫ শতাংশ কমে ৭৬ দশমিক ৭১ ডলারে নেমে এসেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৩৬ সেন্ট বা ০.৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ৭২ দশমিক ৮৫ ডলারে।

এর আগের কার্যদিবসেও ব্রেন্ট ও ডব্লিউটিআই—উভয় সূচকের দাম প্রায় ১ শতাংশ কমেছিল। ফলে মার্চ মাসের শুরুর পর এটাই তেলের সর্বনিম্ন দামের কাছাকাছি অবস্থান।

বাজার বিশ্লেষকদের মতে, চলতি সপ্তাহে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে প্রাথমিক শান্তি আলোচনা শুরু হওয়া, ইরানের তেল রপ্তানিতে ৬০ দিনের জন্য বিশেষ নিষেধাজ্ঞা শিথিলের সিদ্ধান্ত এবং লেবাননের যুদ্ধ পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে।

মিৎসুবিশি ইউএফজে রিসার্চ অ্যান্ড কনসাল্টিংয়ের প্রধান অর্থনীতিবিদ তোমোমিচি আকুতা বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা প্রশমনের প্রত্যাশা এবং হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন স্বাভাবিক হওয়ায় অপরিশোধিত তেলের দাম কমেছে।

তিনি আরও বলেন, দুই দেশের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা ইতিবাচকভাবে এগোলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম যুদ্ধ-পূর্ব স্বাভাবিক পর্যায়ে ফিরে আসতে পারে।