ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় নিহত ১০
আন্তর্জাতিক ডেস্ক
ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার ধারাবাহিক ক্ষেপণাস্ত্র, ড্রোন ও গ্লাইড বোমা হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। সোমবার (২৯ জুন) দিনভর চালানো এ হামলায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। উদ্ধারকাজ চলমান থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের গুরুত্বপূর্ণ তিনটি শিল্পনগরী দিনিপ্রো, জাপোরিঝঝিয়া ও খারকিভকে লক্ষ্য করে এসব হামলা চালানো হয়।
দিনিপ্রোতে হামলায় অন্তত ছয়জন নিহত এবং ২৯ জন আহত হয়েছেন। হামলায় একটি স্কুল, কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান ও আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
অন্যদিকে জাপোরিঝঝিয়ায় একটি যাত্রীবাহী মিনিবাসে ড্রোন হামলায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় সাত বছর বয়সী এক শিশুসহ আরও আটজন আহত হয়েছেন।
এ ছাড়া খারকিভে গ্লাইড বোমা হামলায় ২৩ বছর বয়সী এক তরুণী নিহত হয়েছেন। সেখানে আহত হয়েছেন আরও ১০ জন।
হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় বলেন, রাশিয়া দিনিপ্রোর গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। তিনি ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী করতে ইউরোপীয় দেশগুলোর প্রতি নিজস্ব অ্যান্টি-ব্যালিস্টিক প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা জোরদারের আহ্বান জানান।
এদিকে এ হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি রাশিয়া। তবে যুদ্ধের শুরু থেকেই উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে বেসামরিক মানুষকে লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ তুললেও এমন অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে।
অন্যদেশ সব খবর















