Cvoice24.com

ইন্দোনেশিয়ায় ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক
১৪:০২, ৩ জুলাই ২০২৬
ইন্দোনেশিয়ায় ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (৩ জুলাই) সকালে অনুভূত হওয়া এ ভূমিকম্পে পুরো অঞ্চল কেঁপে ওঠে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বার্তা সংস্থা দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১১টা ৩১ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।

ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১২০ কিলোমিটার গভীরে। এর কেন্দ্রস্থল ছিল উত্তর মালুকু প্রদেশের তোবেলো শহর থেকে প্রায় ৫৮ কিলোমিটার পশ্চিমে।

এদিকে, ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিজ্ঞান সংস্থা (বিএমকেজি) জানিয়েছে, এই ভূমিকম্পের পর সুনামির কোনো আশঙ্কা নেই।

কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং এ পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।