Cvoice24.com

সাকিব দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা, মুখোমুখি হবেন আদালতের

ক্রীড়া ডেস্ক, সিভয়েস২৪
১৫:২৪, ১১ আগস্ট ২০২৬
সাকিব দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা, মুখোমুখি হবেন আদালতের

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান দেশে ফিরলে তাকে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে দেশে ফিরলে তাকে আদালতের মুখোমুখি হতে হবে এবং বিচারিক প্রক্রিয়ায় পূর্ণ আইনি অধিকার দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা।

সাকিবের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন করা হলে তার বিষয়ে কঠোর মন্তব্য করেন জাহেদ উর রহমান। তিনি বলেন, সাকিব ভালো খেলোয়াড় হতে পারেন, তবে মানুষ হিসেবে তিনি ‘নষ্ট ও পচে যাওয়া’।

সাকিব দেশে ফিরলে তার নিরাপত্তা ও বিচারিক প্রক্রিয়া নিয়ে তথ্য উপদেষ্টা বলেন, দেশে ফেরার পর তাকে আদালতের মুখোমুখি হতে হবে। সেখানে তিনি তার সব আইনি অধিকার পাবেন।

তিনি বলেন, ‘তিনি দেশে ফিরলে আদালতের মুখোমুখি হবেন এবং আইনি অধিকার পাবেন।’

সাকিবের দেশে ফেরার প্রসঙ্গের সঙ্গে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গও তুলে ধরেন জাহেদ উর রহমান।

তিনি বলেন, শুধু সাকিব আল হাসান নন, শেখ হাসিনাও বাংলাদেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা পাবেন। এরপর তাকে বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে এবং সেখানেও তার পূর্ণ অধিকার নিশ্চিত করা হবে।

তথ্য উপদেষ্টা বলেন, ‘শুধু সাকিব আল হাসান নন, শেখ হাসিনাও বাংলাদেশে এলে পূর্ণ নিরাপত্তার সঙ্গে আসবেন এবং পূর্ণ নিরাপত্তার সঙ্গে বিচারিক প্রক্রিয়ায় যাবেন। বিচারিক প্রক্রিয়ায় তারা পূর্ণ অধিকার ভোগ করবেন। এরপর আদালত যে সিদ্ধান্ত দেবেন, সেটি সবাইকে মেনে নিতে হবে।’

বর্তমান রাষ্ট্রব্যবস্থা নিয়ে তিনি বলেন, এটি ফ্যাসিস্ট আমল নয়, বরং একটি গণতান্ত্রিক রাষ্ট্র। তাই কোনো ব্যক্তির বিরুদ্ধে যত গুরুতর অভিযোগই থাকুক না কেন, বিচারিক প্রক্রিয়ায় তার নাগরিক ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করা হবে।

জাহেদ উর রহমান বলেন, ‘এটি ফ্যাসিস্ট আমল নয়, গণতান্ত্রিক রাষ্ট্র। নিশ্চিতভাবে সবচেয়ে বীভৎস অপরাধীও সেটি সাকিব আল হাসান কিংবা হাসিনা যেই হোক, যা যা নাগরিক ও সাংবিধানিক অধিকার, সেগুলো পাবেন।’