Cvoice24.com

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব
টাইব্রেকার রোমাঞ্চে আলোর ঠিকানাকে হারিয়ে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী

সিভয়েস২৪ প্রতিবেদক
১৯:৫৭, ৩১ জুলাই ২০২৬
টাইব্রেকার রোমাঞ্চে আলোর ঠিকানাকে হারিয়ে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী

টাইব্রেকারের রোমাঞ্চে চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসবের ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতেছে গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী। শুক্রবার (৩১ জুলাই) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনালে টাইব্রেকারে ৮-৭ গোলে আলোর ঠিকানাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দলটি।

নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে শেষ হয়। এরপর ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে।

খেলার শুরুতেই পেনাল্টি পেয়েছিল আলোর ঠিকানা। তবে অধিনায়ক আরিফুল ইসলাম গোল করতে পারেননি। গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠীর গোলরক্ষক ইকরাম হোসেন দারুণ দক্ষতায় শটটি ঠেকিয়ে দেন।

এর কিছুক্ষণ পর পেনাল্টি পায় গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী। দলের অধিনায়ক রফিকুল ইসলাম সুযোগটি কাজে লাগিয়ে গোল করে দলকে এগিয়ে দেন।

গোল হজমের পর সমতায় ফেরার চেষ্টা চালাতে থাকে আলোর ঠিকানা। ম্যাচের শেষ মুহূর্তে মো. সাইফ উদ্দিন গোল করে ১-১ সমতা ফেরান। এরপর রেফারি শেষ বাঁশি বাজালে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

টাইব্রেকারে দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই শেষে ৮-৭ ব্যবধানে জয় তুলে নিয়ে টুর্নামেন্টের প্রথম শিরোপা জিতে নেয় গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী।

ফাইনালের সেরা খেলোয়াড়, টুর্নামেন্টের সেরা গোলরক্ষক এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড়—এই তিনটি পুরস্কারই জিতেছেন গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠীর গোলরক্ষক ইকরাম হোসেন।

টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন সামিউর রহমান। সুশৃঙ্খল দলের পুরস্কার জিতেছে কল্লোল সংঘ গ্রীন। সেরা টিম ম্যানেজার নির্বাচিত হয়েছেন ইউনুচ মিয়া জুয়েল এবং সেরা কোচ হয়েছেন বাহার হোসেন খান।

খেলা শেষে আয়োজক আবুল হাশেম বক্করের সভাপতিত্বে এবং মোশারফ হোসেনের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্যসচিব হাজী মোহাম্মদ সালাহউদ্দিন এবং চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্যসচিব মসিউল আলম স্বপন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের অ্যাডহক কমিটির সহসভাপতি ফয়সল দস্তগীর, ক্রীড়া সংগঠক জাহেদুল হাসান, আবদুল মান্নান রানা, সিজেকেএস কাউন্সিলর নজরুল ইসলাম লেদু, আমিনুল ইসলাম, মাহামুদুর রহমান মাহাবুব, শাহাবুদ্দিন মো. জাহাঙ্গীর, আবু সৈয়দ মাহামুদ, সাজিব বিকাশ বড়ুয়া টুটুল, আখতারুজ্জান, সিরাজুল আলম, হারুনুর রশীদ, নাসির মিয়া, জি এম হাসান, প্রবীর কুমার ঘোষ, মো. সরওয়ার আলম চৌধুরী সনি, ফারুক আহমেদ, রায়হান উদ্দীন রুবেল, এম এ মুসা বাবলু, লিটন বড়ুয়া, দিদারুল আলম চৌধুরী, আবদুল মোমেন, বাবু, নুর জাহেদ বাবলু, আনোয়ারুল আবেদিন মুন্না, ইউনুচ মিয়া জুয়েলসহ ক্রীড়া সংগঠক ও টুর্নামেন্টসংশ্লিষ্টরা।