ইনফান্তিনোকে নথি সংরক্ষণের নির্দেশ উয়েফার, আইনি হুঁশিয়ারি
ক্রীড়া ডেস্ক, সিভয়েস২৪
বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন টুর্নামেন্টের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনাকে কেন্দ্র করে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে তীব্র বিরোধে জড়িয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। বিতর্কিত এ পরিকল্পনা ঘিরে ইনফান্তিনোর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতিও নিয়েছিল সংস্থাটি।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ভাই জশ কুশনারের নেতৃত্বাধীন একটি বিনিয়োগকারী গোষ্ঠীর কাছে বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের অংশ বিক্রির প্রস্তাব দিয়েছিল ফিফা। তবে বিশ্বজুড়ে তীব্র সমালোচনা ও বিরোধিতার মুখে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা থেকে সরে আসে সংস্থাটি।
পরিকল্পনা বাতিল হলেও ইনফান্তিনোর নেতৃত্বের ওপর আস্থা হারানোর কথা জানিয়েছে উয়েফা। সংস্থাটির দাবি, ফিফা যদি সিদ্ধান্ত পরিবর্তন না করত, তাহলে তাদের ৫৫টি সদস্য দেশের জাতীয় ফুটবল ফেডারেশন বিশ্বকাপ বয়কটের বিষয়টিও বিবেচনা করত।
প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার ইনফান্তিনোর কাছে পাঠানো এক চিঠিতে উয়েফা জানায়, ‘ফিফা ফুটবল এন্টারপ্রাইজ’ প্রকল্পের বিরুদ্ধে আদালতের শরণাপন্ন হওয়া, সালিশি প্রক্রিয়া শুরু করা এবং সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার কাছে অভিযোগ দায়েরের বিষয়টি তারা সক্রিয়ভাবে বিবেচনা করছে।
শুধু ইনফান্তিনোই নন, প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট জশ কুশনার, গ্রেগ মাফেই, জেপি মরগান এবং ওপেন ইকোনমিক্সের কাছেও পৃথক চিঠি পাঠিয়েছে উয়েফা।
চিঠিতে ফিফাকে প্রকল্প-সংশ্লিষ্ট সব নথি, ইলেকট্রনিক তথ্য ও যোগাযোগের রেকর্ড সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সতর্ক করে বলা হয়েছে, এসব তথ্য ধ্বংস, পরিবর্তন, গোপন বা মুছে ফেলা হলে তা প্রমাণ নষ্ট করার শামিল হিসেবে বিবেচিত হতে পারে।
এ ছাড়া ইনফান্তিনোর পাশাপাশি ফিফার গ্লোবাল ফুটবল ডেভেলপমেন্ট প্রধান আর্সেন ভেঙ্গার, সেক্রেটারি জেনারেল মাত্তিয়াস গ্রাফস্ট্রুম এবং প্রধান পরিচালন কর্মকর্তা কেভিন লামরের কাছে থাকা সংশ্লিষ্ট তথ্য-উপাত্তও সংরক্ষণের আহ্বান জানিয়েছে উয়েফা।
ইতোমধ্যে ইনফান্তিনোর নেতৃত্বের ওপর আনুষ্ঠানিকভাবে অনাস্থা প্রকাশ করেছে উয়েফা। বিষয়টি নিয়ে শিগগিরই একটি বিশেষ বৈঠক ডাকার ঘোষণা দিয়েছে সংস্থাটি। সেখানে ফিফা সভাপতির ভূমিকা ও ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রসঙ্গত, বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন টুর্নামেন্টের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য ‘ফিফা ফুটবল এন্টারপ্রাইজ’ নামে একটি নতুন প্রকল্প নেওয়া হয়। পরিকল্পনা অনুযায়ী, এর শেয়ারের একটি অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির উদ্যোগ নেওয়া হয়। এ খবর প্রকাশের পর উয়েফা আশঙ্কা প্রকাশ করে, এতে বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টের বাণিজ্যিক নিয়ন্ত্রণে বেসরকারি প্রতিষ্ঠানের প্রভাব বেড়ে যাবে এবং ফুটবলের স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে।
এ কারণে উয়েফা ফিফাকে আইনি পদক্ষেপের সতর্কবার্তা দেয় এবং প্রয়োজনে বিশ্বকাপ বয়কটের বিষয়টিও বিবেচনার কথা জানায়। শেষ পর্যন্ত তীব্র চাপের মুখে ফিফা পরিকল্পনাটি বাতিল করলেও ইনফান্তিনোর নেতৃত্বের প্রতি আস্থা হারানোর ঘোষণা দেয় ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
খেলাধুলা সব খবর















