Cvoice24.com

বিকেলে চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসবের ফুটবল ফাইনাল

ক্রীড়া প্রতিবেদক
০৯:২৫, ৩১ জুলাই ২০২৬
বিকেলে চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসবের ফুটবল ফাইনাল

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আজ শুক্রবার (৩১ জুলাই) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বিকেল ৩টায় শুরু হওয়া এই ফাইনাল ম্যাচে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে আলোর ঠিকানা ও গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী।

ফাইনাল ম্যাচকে ঘিরে ইতোমধ্যে দুই দলের খেলোয়াড়, কর্মকর্তা ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। আয়োজকদের প্রত্যাশা, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য এই ম্যাচের মধ্য দিয়েই সফলভাবে পর্দা নামবে এ টুর্নামেন্টের।

ফাইনাল খেলা শেষে অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

ফাইনালকে সামনে রেখে বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের কনফারেন্স রুমে ট্রফি উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবল টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান শাহরিয়ার সালেহিন রিয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের আয়োজক আবুল হাশেম বক্কর।

এ সময় ফাইনালে অংশগ্রহণকারী দুই দল আলোর ঠিকানা ও গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠীর অধিনায়ক যথাক্রমে আবিদুর রহমান আনিস ও রাকিবুল ইসলাম উপস্থিত থেকে ট্রফির সঙ্গে ফটোসেশনে অংশ নেন। তাদের সঙ্গে উভয় দলের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

ট্রফি উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফুটবল টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান শাহাবুদ্দিন মো. জাহাঙ্গীর, সিজেকেএস কাউন্সিলর আখতারুজ্জান, হারুনুর রশীদ, প্রবীর কুমার ঘোষ, মো. সরওয়ার আলম চৌধুরী, ফারুক আহমেদ, রায়হান উদ্দীন রুবেল, লুৎফুল করিম সোহেল এবং আলোর ঠিকানার কোচ হোসেন মেহেদী।

এছাড়া প্রতিযোগিতা উপ-কমিটির সদস্য এন. এম. তৌহিদুল আলম, ক্রীড়া সংগঠক আব্দুল কাদের, সিরাজুল আলম, হাফেজ রশিদ, প্রবাসী ক্রীড়া সংগঠক মো. সাজ্জাদ আজাদ, জিয়া উদ্দিন মিশু, হাজী হাবিব, হাসান রাজা, হাফিজ মোহাম্মদ, গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠীর কর্মকর্তা মাহবুব উদ্দিন কচি, শহীদুল ইসলাম বাবলু, গোলাম রব্বানী, গোলজার হোসেন, আলমগীর চিশতী, হোসেন মোর্শেদীসহ টুর্নামেন্ট সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তা, ক্রীড়া সংগঠক ও অতিথিরা উপস্থিত ছিলেন।

আয়োজকদের মতে, টুর্নামেন্টজুড়ে অংশগ্রহণকারী দলগুলোর প্রতিযোগিতাপূর্ণ নৈপুণ্য দর্শকদের দারুণ সাড়া ফেলেছে। সেই ধারাবাহিকতায় আজকের ফাইনাল ম্যাচটি জমজমাট ও উপভোগ্য হবে বলে তারা আশাবাদী।