ইস্ট লন্ডনে লাবনী বড়ুয়ার মোহনীয় সঙ্গীত সন্ধ্যা
সিভয়েস২৪ ডেস্ক
ব্রিটিশ-বাঙালি কণ্ঠশিল্পী লাবনী বড়ুয়ার একক সংগীতানুষ্ঠান ইস্ট-লন্ডনের রিচমিক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। রাঙতা আর্টসের উদ্যোগে রবিবার (৬ এপ্রিল) ‘লাবনী বড়ুয়া আনবাউন্ডেড’ নামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শিল্পী একে একে-‘বিমূর্ত এই রাত্রি আমার মৌনতার সুতোয়’, ‘তখন তোমার একুশ বছর বোধয়, আমি তখন অষ্টাদশীর ছোঁয়ায়’, ‘জোছনা করেছে আড়ি আসে না আমার বাড়ি’, ‘একটা গান লিখো আমার জন্য’, ‘আমার বন্ধু চিকন কালিয়া, দেইখো আসিয়া’সহ আরো একাধিক বাংলা, হিন্দি ও গজল গান পরিবেশন করেন।
এতে ‘ও আমার বন্ধুগণ চিরসাথী পথচলায়’ গানটি লাবণী বাংলা ভাষায় এবং ইউক্রেনের প্রখ্যাত সঙ্গীতশিল্পী একা কাটেরিনা গানটি ইউক্রেনের ভাষায় গেয়ে সংগীতানুষ্ঠানকে আরো প্রাণবন্ত করে তোলেন। যা অনুষ্ঠানকে ভিন্নমাত্রা এনে শ্রোতাদের মনজয় এবং প্রশংসা কুড়িয়েছে।
অনুষ্ঠানে এক প্রতিক্রিয়ায় লাবনী বলেন, ‘আপনাদের এই ভালবাসা ভোলার নয়। লন্ডনের বিভিন্ন দূরের শহর থেকে আমার গানে শুনতে ছুটে এসেছেন, এটা আমাকে আরো বেশি রেওয়াজ ও সাধনায় অনুপ্রাণিত করবে। আশা করি আমার অজান্তে কোন ভুলত্রুটি হয়ে তাকলে দর্শকরা খুব ক্ষমা-সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের এই সাপোর্ট ও ভালবাসা আরো বেশি অনুপ্রাণিত করবে।’
লাবনীর সঙ্গীতগুরু পন্ডিত চিরঞ্জীব চক্রবর্তী বলেন, ‘আমার ছাত্রীর গান এতো মানুষ ভালবেসে শুনতে এসেছেন; এটা দেখে আমার খুব ভালো লেগেছে। আপনাদের আশির্বাদ পেলে লাবনী আরো অনেক দূর এগিয়ে যাবে আমার দৃঢ় বিশ্বাস।’
সৌধ পরিচালক টি এম আহমেদ কায়সার বলেন, ‘এই অনুষ্ঠান নিরীক্ষাধর্মী নতুন গানের জন্যে এক নতুন দরজা খুলে দিল। ইউক্রেনিয়ান বান্দুরা ও তাদের ঐতিহ্যের স্মারক সব সঙ্গীতের সঙ্গে আমাদের দক্ষিণ এশীয় সঙ্গীতের আশ্চর্য সংযোগ এবং এসব নিয়ে অপূর্ব সব উপস্থাপনা আমার খুব ভালো লেগেছে।’
এছাড়া অনুষ্ঠানে প্রতিক্রিয়া ব্যক্ত করেন হিলসাইড ট্রাভেলের হেলাল খান, গ্লোওমেনের প্রতিষ্ঠাতা স্নিগ্ধা, মিষ্টি, সুজন বড়ুয়া প্রমুখ।
প্রসঙ্গত, লাবনী ইতোমধ্যে ব্রিটেনসহ ইউরোপের বিভিন্ন দেশে বাঙালি শ্রোতাদের মন জয় করেছেন। শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নেওয়া এই শিল্পী মূলত বলিউড, বাংলা উপশাস্ত্রীয়, ফোক এবং আধুনিক গান পরিবেশন করেন।
অনুষ্ঠানে লাবনীর সঙ্গে কীবোর্ডে ছিলেন সুনীল যাদব, তবলায় পিয়াস বড়ুয়া, অক্টোপ্যাডে রিজান আহমেদ, কণ্ঠ এবং বান্দুরা সহযোগিতায় করেন ইউক্রেনের প্রখ্যাত সঙ্গীতশিল্পী একা কাটেরিনা।
আবৃত্তিশিল্পী ও কবি তানজিনা নূর-ই সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে আলো প্রক্ষেপণে ছিলেন সাহাব উদ্দিন বাচ্চু, সানি, সাবা ও জান্নাত।
প্রবাস সব খবর















