Cvoice24.com

‘উনি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন শিক্ষক, এভাবে মিথ্যা বলবেন মানতে পারছি না’

ক্রীড়া ডেস্ক, সিভয়েস২৪
১৬:৫৯, ২০ ফেব্রুয়ারি ২০২৬
‘উনি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন শিক্ষক, এভাবে মিথ্যা বলবেন মানতে পারছি না’

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশ না নেওয়া নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এ বিষয়ে সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল-এর বক্তব্যকে ‘মিথ্যা’ আখ্যা দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মোহাম্মদ সালাউদ্দিন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন একথা বলেন। 

সালাউদ্দিন বলেন ‘উনি খাঁড়ার ওপর এরকম মিথ্যা কথা বলবেন, আমি ভাবতেও পারছি না। আমি কীভাবে ছেলেদের সামনে মুখ দেখাব? উনি একজন শিক্ষক মানুষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন শিক্ষক এভাবে মিথ্যা বলবেন—আমরা এটা মানতে পারছি না।’

তিনি আরও বলেন, ‘আমি তো জানি, আমার দুইটা খেলোয়াড় কোমায় চলে গিয়েছিল। পাঁচ দিন ধরে কোথায় যেন হারিয়ে গিয়েছিল তারা। আমরা তাদের টুর্নামেন্টে মাঠে ফিরিয়ে আনতে পেরেছি—ওটাই আমার জীবনের সবচেয়ে বড় সাফল্য। একটা দলকে আপনি এক সেকেন্ডে নষ্ট করে দিয়েছেন।’

বিশ্বকাপ শুরুর আগে আসিফ নজরুল জানিয়েছিলেন, বাংলাদেশ দলের অংশ না নেওয়া সরকারের সিদ্ধান্ত। পরে তিনি বক্তব্য বদলে বলেন, এটি সরকারের নয়; বরং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ক্রিকেটারদের সিদ্ধান্ত। তার দাবি ছিল, দেশের নিরাপত্তা ও মানুষের মর্যাদা রক্ষার বিষয়টি বিবেচনায় রেখে খেলোয়াড়েরা এই সিদ্ধান্ত নিয়েছেন। 

তবে পরবর্তী সময়ে সমালোচনার মুখে তিনি আগের বক্তব্য থেকে সরে আসেন।

ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে চলমান এই বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি নিয়ে শুরু থেকেই নানা আলোচনা-সমালোচনা চলছে। সালাউদ্দিনের এই বক্তব্যে সেই বিতর্কে নতুন মাত্রা যোগ হলো।

খেলাধুলা সব খবর