Cvoice24.com

অভিনেত্রী রিনা রহমান আর নেই

বিনোদন ডেস্ক
১১:৫৯, ৪ আগস্ট ২০২৬
অভিনেত্রী রিনা রহমান আর নেই

ছোট ও বড়পর্দার পরিচিত মুখ, বরেণ্য অভিনেত্রী রিনা রহমান আর নেই। সোমবার (৩ আগস্ট) রাত ৯টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে দেশের শোবিজ ও সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

অভিনেত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা ও পরিচালক অনুভব মাহবুব। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে এক শোকবার্তায় অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে গভীর শোক প্রকাশ করেছে। সংগঠনটি মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

পরিবার ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন রিনা রহমান। অসুস্থতার মধ্যেও তিনি অভিনয় চালিয়ে গিয়েছিলেন। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সম্প্রতি নিয়মিত কাজ করতে পারছিলেন না।

মৃত্যুর আগ পর্যন্ত তিনি দীপ্ত টিভি প্রচারিত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘পরম্পরা’-তে অভিনয় করছিলেন।

১৯৭২ সালে ‘এ বাড়ি ও বাড়ি’ নাটকের মাধ্যমে মঞ্চে অভিনয়জীবন শুরু করেন রিনা রহমান। দীর্ঘ ক্যারিয়ারে তিনি শতাধিক একক নাটক, অসংখ্য ধারাবাহিক নাটক, টেলিফিল্ম ও চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেন।

তাঁর অভিনীত উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে বিটিভির কালজয়ী নাটক ‘সংশপ্তক’ (১৯৮৭), চলচ্চিত্র ‘ঠিকানা’ (১৯৯৪), ‘ঘানি’ (২০০৬) এবং জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘মান অভিমান’।

রিনা রহমানের মৃত্যুতে সহকর্মী, ভক্ত এবং সংস্কৃতি অঙ্গনের বিভিন্ন ব্যক্তি ও সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন। তাঁর দীর্ঘ অভিনয়জীবনের অবদান বাংলা নাটক ও চলচ্চিত্রে স্মরণীয় হয়ে থাকবে