Cvoice24.com

‘নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে দাঁড়াতে হবে’

সাতকানিয়া প্রতিনিধি, সিভয়েস২৪
১৩:৩৪, ৮ জুন ২০২৬
‘নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে দাঁড়াতে হবে’

স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে দাঁড়াতে আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন মো. হেলাল উদ্দিন।

রবিবার (৭ জুন) বিকেলে উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সভায় লায়ন হেলাল উদ্দিন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শের ধারাবাহিকতায় তারেক রহমান গণতন্ত্র, শিক্ষা, কর্মসংস্থান ও জনকল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে দেশের উন্নয়নে কাজ করছেন।

তিনি বলেন, উন্নয়নের পথে বাধা ও ষড়যন্ত্র থাকবে। তাই নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে এবং জনগণের পাশে দাঁড়াতে হবে।

সাতকানিয়া পৌরসভার স্থানীয় এক কনভেনশন হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য শেফায়েত উল্লাহ চক্ষু। সঞ্চালনা করেন পৌর বিএনপি নেতা নূরুল আবছার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য হাজী রফিকুল আলম, দীন মোহাম্মদ মনজুর ও ফৌজুল কবির ফজলু।

এছাড়া বক্তব্য দেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম এ রহিম, মহানগর ছাত্রদল নেতা সাদ্দাম, অ্যাডভোকেট রায়হানুল ওয়াজেদ চৌধুরী, অ্যাডভোকেট ওমর চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সাবেক ছাত্রনেতা শহীদ ফকির।